ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিল্লির মেয়ে নাতাশা জৈনকে বিয়ে করেছেন ভারতের ক্রিকেটার গৌতম গম্ভীর। তবে মোটেও ঝলমলে নয়, বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয় অত্যন্ত সাদাসিদেভাবে।
এতে উপস্থিত ছিলেন তিন শ'র বেশি অতিথি। তাদের মধ্যে বলিউডের বাদশাহ ও কলকতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানও ছিলেন।
দিল্লির এক ব্যবসায়ীর মেয়ে নাতাশার সঙ্গে গম্ভীরের পরিচয় করিয়ে দেয়া হয় এক বছর আগে। আর এতে মূল ভূমিকা রাখেন দুই পরিবারের সদস্যরাই।
মেহেদী মাখাসহ বিয়ের অনুষ্ঠান অবশ্য শুরু হয় একদিন আগে বৃহস্পতিবার।
বিয়ের জন্য ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে খেলতে পারেননি গম্ভীর। তবে খেলেছেন পাঁচ ম্যাচের একদিনের সিরিজে। দুটো অর্ধশতকসহ রান করেছেন ২১৩।
ধারণা করা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন গম্ভীর। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি দিল্লিতে শুরু হবে ৬ নভেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১৩৩ ঘ.
.
bdnews24