অনীক মিশকাত
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকায় প্রথম দুটো ওয়ানডে একদমই ভালো খেলতে পারেনি বাংলাদেশ। তবে চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের জয় ও প্রথম টেস্টে ভালো খেলার সুবাদে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে স্বাগতিকরা। শনিবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের লক্ষ্য ধারাবাহিকতা ধরে রাখা।
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল সাড়ে নয়টায়।
দুদল এখন পর্যন্ত ৭টি টেস্ট খেলেছে। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৩টি আর বাংলাদেশের জয় দুটো। বাকি দুটি টেস্ট অমীমাংসিত।
টেস্টে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ সংগ্রহ ৫৫৯/৪ (ইনিংস ঘোষণা)। আর বাংলাদেশের সর্বোচ্চ ৪১৬। ওয়েস্ট ইন্ডিজের সর্বনিু রান ২০৯, বাংলাদেশের ৮৭।
ঢাকায় এর আগে একবারই টেস্টে মুখোমুখি হয়েছিল দুদল। ২০০২ সালের ডিসেম্বরে মাত্র তিন দিনে শেষ হয়ে যাওয়া সেই ম্যাচে বাংলাদেশকে ইনিংস ও ৩১০ রানে হারিয়ে দিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ।
তবে চট্টগ্রামে পাওয়া সাফল্যের কারণে এবার ভালো খেলার ব্যাপারে দারুণ আশাবাদী বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
শের-ই-বাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্টে ২৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন শাহাদাত। এই ম্যাচেও তার দিকেই তাকিয়ে থাকবেন মুশফিক।
প্রথম টেস্টে উইকেট শূন্য থাকলেও দুই দলের পেসারদের মধ্যে রুবেল হোসেনই সবচেয়ে ভালো বল করেছেন বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। শের-ই-বাংলা স্টেডিয়ামে কয়েকটি দারুণ 'স্পেল'ও রয়েছে তার। এবারও রুবেলের কাছ থেকে তেমন নৈপুণ্যের প্রত্যাশায় বাংলাদেশ।
তবে জয়ের জন্য যথারীতি স্পিনারদের দিকেই তাকিয়ে স্বাগতিকরা। আব্দুর রাজ্জাকের জায়গায় দলে এসে অভিষেক টেস্টেই ৭ উইকেট নিয়ে রীতিমতো হৈ-চৈ ফেলে দিয়েছেন ইলিয়াস সানি।
চট্টগ্রাম টেস্টের ম্যাচ-সেরা সানির কৃতিত্বে সাকিব দারুণ খুশি। আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ফেরা সাকিব জানিয়েছেন, সানি নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে তার ওপর চাপ অনেকটাই কমিয়ে দিয়েছেন।
তামিম ইকবাল রান পেলেও উদ্বোধনী জুটিতে তার সঙ্গী ইমরুল কায়েস টেস্টে ব্যর্থতার বৃত্তেই আবদ্ধ। তবু ইমরুলের ওপরেই ভরসা রাখছেন মুশফিক।
জিম্বাবুয়ে সফরে বাদ পড়লেও দলে ফিরে প্রথম টেস্টে রান পেয়েছেন শাহরিয়ার নাফীস। চট্টগ্রামে প্রথম ইনিংসে ফিদেল এডওয়ার্ডসের বাউন্সারে চোখের নিচে কেটে গেলেও ৩২ রান করেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে তার ব্যাট থেকে আসে অর্ধশতক।
তবে ইদানীং বাংলাদেশের ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক স্বয়ং। টি-টোয়েন্টিতে ছক্কা মেরে জয় এনে দেয়া, ওয়ানডে সিরিজে ১০০ ও চট্টগ্রাম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৭০ রান করা মুশফিক সম্ভবত ব্যাট হাতে জীবনের সেরা সময় কাটাচ্ছেন।
তৃতীয় ওয়ানডেতে ৬১ রানে অলআউটের লজ্জায় পড়া ও প্রথম টেস্টে নিজেদের প্রত্যাশানুযায়ী খেলতে না পারা ওয়েস্ট ইন্ডিজ চোট সমস্যায় আক্রান্ত। উদ্বোধনী ব্যাটসম্যান লেন্ডল সিমন্স ও দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপলের হালকা চোট রয়েছে। তবে কারোরই প্রথম একাদশের বাইরে থাকার তেমন সম্ভাবনা নেই।
বাংলাদেশের বোলারদের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন চন্দরপল। আগেও বেশ কয়েক বার উপমহাদেশে এসেছেন তিনি। স্পিন বোলিংয়ের বিপক্ষেও দারুণ দক্ষ এই বাঁহাতি ব্যাটসম্যান।
পেস আক্রমণ ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে বড় ভরসা। অধিনায়ক স্যামির সঙ্গে রবি রামপল, কেমার রোচ আর ফিদেল এডওয়ার্ডসকে নিয়ে তাদের পেস আক্রমণ দারুণ শক্তিশালী। প্রথম টেস্টে না খেললেও স্যামি আভাস দিয়েছেন এই টেস্টে খেলতে পারেন রোচ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩৮ঘ.
bdnews24