২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাফল্যের মাঠে ফিরে উজ্জীবিত স্যামি

সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকেই সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2011, 12:07 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামকেই সবচেয়ে বড় অনুপ্রেরণা হিসেবে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। গত বিশ্বকাপে এই মাঠেই বাংলাদেশকে ৫৮ রানে অলআউট করেছিল ওয়েস্ট ইন্ডিজ। এবারের বাংলাদেশ সফরেও প্রথম দুটো ওয়ানডেতে এখানেই সহজ জয় পেয়েছে তারা। তবে চট্টগ্রামে সময়টা ভালো কাটেনি অতিথিদের। তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাত্র ৬১ রানে অলআউট হওয়ার লজ্জায় পড়ে ৮ উইকেটের হার এবং প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের তিক্ত অভিজ্ঞতা নিয়ে ঢাকায় ফিরেছে ক্যারিবীয়রা। অনেক সাফল্যের মাঠে ফিরতে পেরে স্যামিও খুশি। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এটা চট্টগ্রাম নয়। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আমাদের অনেক সুখস্মৃতি আছে। বাংলাদেশের বিপক্ষে এখানে আমরা ভালো খেলেছি।" যদিও এই মাঠের উইকেট ও পরিচিত পরিবেশের কারণে স্বাগতিকদের বিপজ্জনক দল হিসেবে মনে করেন স্যামি। তিনি বলেন, "নিজেদের মাঠে বাংলাদেশ সব সময়ই কঠিন প্রতিপক্ষ। চট্টগ্রাম টেস্টে ওরা আমাদের কঠিন পরীক্ষায় ফেলেছিলো। তবে এবার আমরা যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত।" মিরপুরে শুরুটা ভালো করতে চান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক। তিনি বলেন, "যে কোনো ম্যাচই ভালোভাবে শুরু করা খুবই গুরুত্বপূর্ণ। আমরাও এই টেস্টে একটা ভালো সূচনা চাই। প্রত্যেক সেশনে ভালো খেলাও আমাদের লক্ষ্য।" "সব ম্যাচেই চাপ থাকে। আমাদের দলটি বাংলাদেশের মতোই তরুণদের নিয়ে গড়া। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। সব ধরনের চাপ জয় করেই আমাদের এগোতে হবে," যোগ করেন তিনি। উইকেট নিয়ে মোটেও চিন্তিত নন স্যামি। তিনি বলেন, "এখানে আমরা ওয়ানডে খেলেছি। এখানকার উইকেট স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো দ্রুতগতির হবে না। উপমহাদেশে খেলতে এলে এ ধরনের উইকেটে খেলার প্রস্তুতি থাকতেই হবে।" "এখানকার উইকেট বেশ ধীরগতির। বল একটু দেরিতে ব্যাটে আসে। স্পিনাররা বাড়তি সুবিধা পান এখানে। এই উইকেটে তিন স্পিনার খেলানো যেতেই পারে," যোগ করেন তিনি। বাংলাদেশ সফরে পেসারদের নৈপুণ্যে স্যামি সন্তুষ্ট। তিনি বলেন, "ওয়ানডেতে আমাদের পেসাররা ভালো বল করেছেন। উইকেট থেকে তেমন সহায়তা না পেলেও বাংলাদেশের ব্যাটসম্যানদের চাপে রেখেছিলেন তারা।" "শিবনারায়ন চন্দরপল ও লেন্ডল সিমন্সের চোট থাকলেও তা তেমন মারাত্মক নয়। দ্বিতীয় টেস্টে তাদের খেলা নিয়ে কোনো শঙ্কা নেই," যোগ করেন স্যামি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮০০ঘ.