ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় ও শেষ টেস্টে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম।
শুক্রবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমরা মনে করি ভালো খেললে এই টেস্টে জয় পাওয়াও সম্ভব। সিরিজ জিততে দলের প্রত্যেকে শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত।"
চট্টগ্রাম টেস্টের পর এই ম্যাচেও ভালো করার ব্যাপারে দলের সব খেলোয়াড় আত্মবিশ্বাসী বলে জানান মুশফিক।
তিনি বলেন, "টি-টোয়েন্টিতে জয় দিয়ে সিরিজ শুরু হয়েছিল। শেষটাও স্মরণীয় করে রাখতে চাই।"
"চট্টগ্রাম টেস্টে আমরা ভালো খেলেছি। এখানে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আরো ভালো করা সম্ভব," যোগ করেন তিনি।
"সব টেস্টেই আমরা জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামি। পুরো পাঁচ দিনই ভালো খেলার পরিকল্পনা থাকে আমাদের। এই পরিকল্পনার বাস্তবায়ন করা সম্ভব হলে দিন শেষে ফলাফল আমাদের পক্ষে আসবেই," বলেন আত্মবিশ্বাসী মুশফিক।
তিনি বলেন, "প্রথম টেস্টে ব্যাটসম্যানরা রান পেয়েছেন। এখানেও তারা দলকে বড় সংগ্রহ এনে দিতে পারলে ওয়েস্ট ইন্ডিজকে আবারও চাপে ফেলা সম্ভব।"
"আগে ব্যাট করলে বড় স্কোর গড়ার চেষ্টা করবো। আর আগে বল করলে চেষ্টা করবো ওদের যত দ্রুত সম্ভব ফিরিয়ে দেয়া," যোগ করেন তিনি।
ডেঙ্গু জ্বর হওয়ায় সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ সিরিজে একটি ম্যাচও খেলতে পারেননি। জ্বর সেরে গেলেও অনুশীলনে ডান হাতের বুড়ো আঙ্গুলে চোট পাওয়ায় খেলতে পারছেন না দ্বিতীয় টেস্টেও। তার অভাব অনুভব করছেন বলে জানান মুশফিক। তবে সাকিব, তামিম, শাহাদাতরা থাকায় মাঠে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সুবিধা হচ্ছে বলেও জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৬৫০ঘ.
bdnews24