ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কী কারণে ক্ষমা চাইতে হবে তা পরিষ্কারভাবে জানানোর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) কাছে প্রশ্ন রেখেছেন ক্রিস গেইল।
গত ২০ অক্টোবর ডব্লিউআইসিবি এক বিবৃতিতে জানায়, বোর্ড ও কর্মকর্তাদের সম্পর্কে দেয়া বক্তব্য গেইল ফিরিয়ে নিলে তাকে আবার জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে।
বৃহস্পতিবার গেইল বলেন, "তাদের (বোর্ডের) পরিষ্কারভাবে জানানো উচিত ঠিক কী কারণে ক্রিস গেইল ক্ষমা চাইবে এবং কোন্ বক্তব্য ফিরিয়ে নিবে।"
গেইল আরো বলেন, "তারা পরিষ্কারভাবে না জানালে সাধারণ মানুষ এই বিষয়ে (গেইল ও বোর্ডের দ্বন্দ্ব) কথা চালিয়েই যাবে। এর ফলে অনেক বড় ইস্যুর সৃষ্টি হবে। আমি এসব নিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। তাদের (বোর্ডের) উচিত বিষয়টি এখানেই থামিয়ে দেয়া।"
গেইলের ধারণা বোর্ড ইচ্ছা করেই তার সঙ্গে মনস্তাত্ত্বিক খেলা খেলছে।
এই মুহূর্তে গেইল গায়ানায় 'সুপার ফিফটি' টুর্নামেন্টে জ্যামাইকাকে নেতৃত্ব দিচ্ছেন।
গেইল বলেন, "লিওয়ার্ড আইল্যান্ডসের মুখোমুখি হওয়ার আগের দিন (গত বৃহস্পতিবার) দলের সঙ্গে সভা করার সময় বোর্ডের পাঠানো ক্ষমা প্রার্থনা বিষয়ক বার্তা আমার হাতে এসে পৌঁছায়। আমার মনে হচ্ছে তারা ইচ্ছা করেই মনস্তাত্তিক লড়াইয়ে নেমেছে। আমি তাদের বলেছি সবার আগে জ্যামাইকাকে এই টুর্নামেন্টের শিরোপা এনে চাই। চলমান ইস্যুটি নিয়ে না হয় টুর্নামেন্টের শেষেই ভাববো।"
গত এপ্রিলে এক রেডিও স্টেশনকে দেয়া সাক্ষাতকারে বোর্ড ও ওয়েস্ট ইন্ডিজ দলের কোচ ওটি গিবসনের সমালোচনা করেন গেইল। তারপর থেকেই তার সঙ্গে ডব্লিউআইসিবি'র সাপে-নেউলে সম্পর্ক!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/১৯৩৭ঘ.
bdnews24