২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষে ফিরে অনুপ্রাণিত সাকিব

প্রায় সাত মাস পর আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরা সাকিব আল হাসান বলেছেন, এই অর্জন তাকে আগামীতে আরো ভালো খেলতে অনুপ্রাণিত করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2011, 12:07 PM

Updated : 24 Aug 2022, 04:39 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় সাত মাস পর আইসিসির ওয়ানডে অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরা সাকিব আল হাসান বলেছেন, এই অর্জন তাকে আগামীতে আরো ভালো খেলতে অনুপ্রাণিত করবে। ২০০৯ সালের জানুয়ারী থেকে গত এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত এই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এপ্রিলে বিশ্বকাপের ঠিক পর পরই ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। ঐ সিরিজশেষে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের কাছে শীর্ষস্থান হারান সাকিব। তবে এরপর মাত্র ৮টি ম্যাচ খেলেই (জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচটি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি) ওয়াটসনকে পেছনে ফেলে সাকিব আবার এক নম্বর ওয়ানডে অলরাউন্ডার। এই ৮ ম্যাচে তার প্রাপ্তি তিনটি অর্ধশতকসহ ২৯৫ রান ও ১২ উইকেট। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় সাকিবের অবস্থান পঞ্চম। শীর্ষস্থান ফিরে পাওয়ার পর বৃহস্পতিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে তিনি বলেন, "র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফেরা আমার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা সামনের দিনে আমাকে আরো ভালো খেলতে অনুপ্রাণিত করবে।" "যদিও দ্বিতীয় ও শেষ টেস্টে আমার খেলায় এর প্রভাব পড়বে কিনা তা নিয়ে কিছু বলতে পারছি না। তবে এরকম সুখবর তো ভালো খেলতে উৎসাহিত করবেই," যোগ করেন তিনি। সিরিজ নির্ধারনী ঢাকা টেস্টে চট্টগ্রামের চেয়েও বাংলাদেশ ভালো খেলতে চায় বলে জানান সাকিব। তিনি বলেন, "ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই আমাদের আরো ভালো করতে হবে। চট্টগ্রামে অনেকেই রান পেয়েছেন। কিন্তু খুব বড় ইনিংস কেউ খেলতে পারেননি। ঢাকায় তাই প্রত্যেকেরই লক্ষ্য বড় ইনিংস খেলার।" "চট্টগ্রামে আমরা প্রথম ইনিংসে ভাল বোলিং করেছি। সেই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টাও করতে হবে। পেসারদের আরও ভালো বল করতে হবে। আমাদের ফিল্ডিং তেমন ভালো হয়নি। এই জায়গাতেও অনেক উন্নতি করতে হবে," যোগ করেন তিনি। মিরপুরের উইকেট নিয়ে অবশ্য চিন্তিত নন সাকিব। তিনি বলেন, "উইকেটের একটা ভূমিকা তো অবশ্যই আছে। কিন্তু উইকেট নিয়ে বেশি চিন্তা-ভাবনা না করাই আমাদের জন্য মঙ্গল।" "আমরা এক ধরনের উইকেট চাইলাম। কিন্তু দেখা গেল উইকেট আরেক রকম। তখন তো হাত-পা গুটিয়ে বসে থাকা যাবে না। আমাদের খেলতে হবেই। তাই উইকেটের কথা না ভেবে নিজেদের ওপরে বিশ্বাস রাখা দরকার," যোগ করেন তিনি। চট্টগ্রামে অভিষেকেই ৭ উইকেট নিয়ে ম্যাচ-সেরা হওয়া ইলিয়াস সানির বোলিং-নৈপুণ্যে সাকিব মুগ্ধ। তিনি বলেন, "চট্টগ্রামে তিনি উইকেট নেয়ার মতো অনেকগুলো বল করেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭৫৭ঘ.