ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম বারের মতো ঘোষিত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাকিস্তানের সপ্তম অবস্থান নিয়ে মিসবাহ-উল হক ভীষণ হতাশ। পাকিস্তান অধিনায়কের ধারণা, তাদের ক্রিকেটের জন্য এটি বড় ধরনের ধাক্কা।
২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিলো পাকিস্তান। গত বছর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত তৃতীয় বিশ্বকাপে অবশ্য সেমিফাইনালে হেরে যায় তারা।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম আসরের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েও স্বদেশের মুখে হাসি ফোটাতে পারেননি মিসবাহ। শেষ পর্যন্ত রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় তাদের।
তিনটি বিশ্বকাপের অর্জন বিবেচনায় টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাকিস্তানের ওপরের দিকেই থাকার কথা।
র্যাঙ্কিংটা অবশ্য ২০০৯ সালের অগাস্ট থেকে এ বছরের অগাস্ট পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচের ফল বিবেচনা করে ঘোষিত হয়েছে।
এই সময়ে ২৪টি ম্যাচ খেলে ১৩টিতেই হেরে গেছে পাকিস্তান। সেজন্যই র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান নিচের দিকে।
এ সম্পর্কে মিসবাহ বলেন, "পুরো দলের কাছে এটা (র্যাঙ্কিং) বিশাল ধাক্কা। আমরা নিজেদের মধ্যে এ নিয়ে কথাও বলেছি।"
সামনের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ আসর বসবে শ্রীলঙ্কায়। তার আগেই পাকিস্তান দল র্যাঙ্কিংয়ে উন্নতি করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানান মিসবাহ।
পাকিস্তান অধিনায়ক বলেন, "আমরা অনেকগুলো টি-টোয়েন্টিতে হেরেছি। দলের সবাই তা অনুভব করছে এবং উন্নতি করতে চাইছে।"
"এরপর টি-টোয়েন্টি খেলার সময় আমাদের একটু পেছন ফিরে তাকাতে হবে। ক্রিকেটের এই সংস্করণের তিনটি বিশ্বকাপে আমরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ হয়েছি। একবার সেমিফাইনালও খেলেছি। আমরা র্যাঙ্কিংয়ের ভালো জায়গায় যেতে চাই, " যোগ করেন মিসবাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১৫৭ঘ.
bdnews24