২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটকে হারিয়ে শীর্ষে চট্টগ্রাম

বুধবার সিলেটকে ৬ উইকেটে হারিয়ে ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের শীর্ষে উঠেছে চট্টগ্রাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2011, 01:43 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বুধবার সিলেটকে ৬ উইকেটে হারিয়ে ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের শীর্ষে উঠেছে চট্টগ্রাম। বিকেএসপিতে বিনা উইকেটে ৫১ রান নিয়ে চতুর্থ ও শেষ দিনের খেলা শুরু করে সিলেট। ইমতিয়াজ হোসেন (৩৯) ও সায়েম আলমের (৩৫) ৮৩ রানের উদ্বোধনী জুটি ভেঙ্গে যাওয়ার পর বিপর্যয় শুরু হয় তাদের। মাত্র ১৬ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে বিনা উইকেটে ৮৩ থেকে ৬ উইকেটে ৯৯ রানে পরিণত হয় সিলেট। এরপর ইজাজ আহমেদ ও গোলাম মাবুদ ৫৬ রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করলেও তাতে কোনো লাভ হয়নি। দলীয় ১৫৫ রানে মাবুদকে (১২) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ফয়সাল হোসেন। অর্ধশতক করার পর আউট হয়ে যান ইজাজও (৫০)। সিলেটের স্কোর তখন ১৭৮/৮। এরপর আর বেশিক্ষণ ব্যাট করতে পারেনি তারা। অলআউট হয়ে যায় ১৮৩ রানে। চট্টগ্রামের পক্ষে ফয়সাল হোসেন, কাজী কামরুল ও নূর হোসেন মুন্না ৩টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ১৫৫ রানের লিড নেয়া চট্টগ্রামের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ২৯ রান। কিন্তু এই সামান্য রান তাড়া করতে গিয়েই ১৩ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারায় চট্টগ্রাম। শেষ পর্যন্ত ৭ বলে দুটি ছক্কা ও একটি চারে ১৬ রানে অপরাজিত থাকা আফতাব আহমেদ চট্টগ্রামকে জয় এনে দেন। সিলেটের পক্ষে এনামুল হক জুনিয়র ও শাকের আহমেদ দুটি করে উইকেট নেন। এই জয়ের ফলে শীর্ষে উঠে যাওয়া চট্টগ্রামের পয়েন্ট ২৭। ২৫.৪৬ পয়েন্ট নিয়ে ঢাকা মেট্রো আছে দ্বিতীয় স্থানে। তিন নম্বরে থাকা খুলনার সংগ্রহ ২২.৫৬ পয়েন্ট। ৩০ অক্টোবর থেকে শুরু হবে তৃতীয় রাউন্ডের খেলা। তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবে বরিশাল-ঢাকা মেট্রো, চট্টগ্রাম-রাজশাহী, খুলনা-ঢাকা ও রংপুর-সিলেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৩৭ঘ.