ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সতীর্থদের তুলনায় একটু দেরিতেই জাতীয় দলে অভিষেক। কিন্তু তাতে কি? ২৫ বছর বয়সে অভিষেক টেস্ট খেলতে নেমেই যে বাজিমাত করলেন ইলিয়াস সানি। চট্টগ্রাম টেস্টে ৯৪ রানে ৬ উইকেট নিয়ে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানের মধ্যে বেঁধে ফেলার প্রধান কৃতিত্ব তারই। দুই ইনিংস মিলিয়ে ১২৮ রানে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরাও তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে দলে থাকলেও প্রথম একাদশে জায়গা পাননি। আর তিন ম্যাচ ওয়ানডে সিরিজে তো দলেই ছিলেন না। তবে ওয়ানডে সিরিজে আব্দুর রাজ্জাক খারাপ করায় টেস্ট সিরিজের জন্য ঘোষিত দলে সুযোগ পান সানি।
বাংলাদেশের নির্বাচকরা যে তাকে দলে নিয়ে ভুল করেননি নিজের প্রথম টেস্টে তা দারুণভাবে প্রমাণ করলেন ইলিয়াস সানি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২৫ঘ.
bdnews24