ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৮০ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা।
২৮ অক্টোবর ডারবানে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলবে দু'দল।
রোববার পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে জ্যাক ক্যালিস, গ্রায়েম স্মিথ, জেপি ডুমিনি ও ডেভিড মিলারের অর্ধশতকের সুবাদে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে করে ৩০৩ রান। জবাবে ডেভিড ওয়ার্নারের অর্ধশতকের পরেও ম্যাচের শেষ বল আলআউট হওয়ার আগে ২২৩ রান করে অস্ট্রেলিয়া।
লক্ষ্য তাড়া করতে নেমে ওয়ার্নার ছাড়া সফরকারী দলের আর কোনো ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার বোলারদের পাল্টা আক্রমণ করতে পারেন নি। ৩৭ রানের মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান রিকি পন্টিং (১০) ও অধিনায়ক মাইকেল ক্লার্ককে হারিয়ে বিপদে পড়ে অস্ট্রেলিয়া।
তৃতীয় উইকেটে ওয়ার্নার ও মাইক হাসি ৭১ রান যোগ করে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু এ সময় রান তুলতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। দলের ১০৮ রানে হাসি (৩৭) ও ১৩৩ রানে ওয়ার্নার বিদায় নিলে ম্যাচের পাল্লা ঝুঁকে পড়ে দক্ষিণ আফ্রিকার দিকে।
ওয়ার্নার তার ৯৭ বলের ইনিংসটি সাজান ৬টি চার দিয়ে।
স্টিভেন স্মিথ (২৬), শেন ওয়াটসন (১৫) ও ব্র্যাড হ্যাডিনরা (১৩) এর পর পরাজয়ের ব্যবধান কমিয়েছেন কেবল।
দক্ষিণ আফ্রিকার পক্ষে মর্নে মরকেল ৪ উইকেট নেন ২২ রানে।
এর আগে শুরুটা মোটেও ভালো হয়নি স্বাগতিকদের। ম্য্যাচের প্রথম বলেই সাজঘরে ফিরে আসেন হাশিম আমলা (০)। কিন্তু দ্বিতীয় উইকেটে ক্যালিস ও স্মিথ ১৪২ রানের ভালো একটা জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন।
৬৯ বলে ৬টি চারের সাহায্যে ৫৭ রান করেন স্মিথ। তার বিদায়ের পর আর ১৫ রান যোগ করতেই সাজঘরের পথ ধরেন ক্যালিস (৭৬) ও ফাফ প্লেসিস (১২)। ক্যালিস তার ৮৮ বলের ইনিংসটি সাজান ৭টি চার ও ২টি ছয় দিয়ে।
পঞ্চম উইকেটে ডুমিনি ও মিলার ১০৭ রানের জুটি গড়ে দলকে লড়াই করার পুঁজি এনে দেন। দলীয় ২৬৪ রানে বিদায় নেন মিলার (৫৯)। তার ৫১ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছয় রয়েছে।
ষষ্ঠ বাটসম্যান হিসেবে বিদায় নেয়ার আগে ডুমিনি করেন ৫৬ রান। দলের রান তখন ৩০০। দুটি করে চার ও ছয় দিয়ে ৫৮ বলের ইনিংসটি সাজান তিনি।
অস্ট্রেলিয়ার ডগ বোলিঙ্গার ২ উইকেট নেন ৬৪ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০১০৯ ঘ.
bdnews24