২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের টানা চতুর্থ জয়

ইংল্যান্ড সফরে সব ম্যাচ হারের জবাব ভালোই দিচ্ছে ভারত। নিজেদের মাটিতে চতুর্থ ওয়ানডেতে রোববার ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে তারা। তখনো হাতে ছিল ৫৯ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2011, 04:26 PM

Updated : 24 Aug 2022, 04:37 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ড সফরে সব ম্যাচ হারের জবাব ভালোই দিচ্ছে ভারত। নিজেদের মাটিতে চতুর্থ ওয়ানডেতে রোববার ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে তারা। তখনো হাতে ছিল ৫৯ বল। এ জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেলো ভারত। মঙ্গলবার কলকাতায় পঞ্চম ও শেষ ম্যাচ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ১ বলে সবকটি উইকেট হারিয়ে ২২০ রান করে ইংল্যান্ড। জবাবে সুরেশ রায়না ও বিরাট কোহলির অর্ধশতকের সুবাদে ৪০ ওভার ১ বলে ৪ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। জবাব দিতে নেমে ভারতের শুরুটা মোটেও ভালো হয়নি। ৪৬ রানের মধ্যে সাজঘরে ফিরে যান দলের প্রথম তিন ব্যাটসম্যান। তবে চতুর্থ উইকেটে জুটিতে ১৩১ রান যোগ করে সুরেশ রায়না ও বিরাট কোহলি দলকে ভালো অবস্থায় নিয়ে আসেন। দলীয় ১৭৭ রানে রায়না (৮০) বিদায় নিলেও ম্যাচ ততক্ষণে ভারতের মুঠোয়। রায়না তার ৬২ বলের ইনিংসটি সাজান ১২টি চার দিয়ে। কোহলি ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বাকি কাজটুকু নিরাপদেই শেষ করেন। কোহলি অপরাজিত ৮৬ ও ধোনি অপরাজিত ১৫ রান করেন। কোহলির ৯৯ বলের ইনিংসে ১১টি চার রয়েছে। ইংল্যান্ডের পক্ষে স্টিভেন ফিন ৩ উইকেট নেন ৪৫ রানে। এর আগে ভালো শুরু করেও ইংল্যান্ডের ব্যাটসম্যানরা নিজেদের ইনিংস বড় করতে না পারায় ২৩ বল আগেই সবকয়টি উইকেট হারিয়ে বসে। এক পর্যায়ে ইংল্যান্ডের স্কোর ছিল ১৯২/৬। হাতে ছিল ১১ ওভার। কিন্তু সেখান থেকে ২৮ রান যোগ করতেই শেষ ৪ উইকেট হারায় তারা। ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান আসে টিম ব্রেসন্যানের ব্যাট থেকে। এ ছাড়া কেভিন পিটারসেন ৪১ ও জনাথন ট্রট ৩৯ রান করেন। ভারতের বরুণ অরুণ ও রবিচন্দ্রন অশ্বিন ৩টি করে উইকেট নেন। এ জন্য বরুণ দেন ২৪ রান। অশ্বিন ৩৮। এটাই বরুণের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২২১৩ ঘ.