ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাঠের কারণে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর এবার চট্টগ্রাম টেস্ট নিয়েই শঙ্কা জেগেছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কিউরেটর জাহিদ রেজা বাবু বলেছেন, "রোববার রাতে আবার বৃষ্টি হলে খেলা চালানো সম্ভব হবে না।"
এখন পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের যা অবস্থা তাতে রোববার রাতে বৃষ্টি না হলেও চা-বিরতির আগে খেলা সম্ভব হবে কী না- তা নিয়ে সংশয় রয়েছে তার।
"তবে বিসিবি সামর্থ্যরে সবটুকু দিয়ে খেলা চালানোর চেষ্টা করে যাচ্ছে," যোগ করেন তিনি।
শুক্রবার রাত ১২টার পর বৃষ্টি হওয়ায় মাঠে পানি জমে কাদা হয়ে যায়। এ কারণেই পরিত্যক্ত হয় দ্বিতীয় দিনের খেলা।
বাবু জানান, সকাল ৬টা থেকেই গ্রাউন্ডসম্যানদের নিয়ে কাজ শুরু করেন তিনি। কিন্তু মাঠের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় এবং পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মাঠ খেলার উপযোগী করা যায়নি।
"মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম হলে এরকম বৃষ্টির পর এক ঘণ্টায় মাঠ প্রস্তুত করা সম্ভব হতো," বলেন তিনি।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর মর্যাদা পায় ২০০৬ সালে। গত বিশ্বকাপের আগেই আধুনিক নিষ্কাশন পদ্ধতি চালুর কথা ছিল চট্টগ্রামের এ স্টেডিয়ামে। কিন্তু বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সাথে বিসিবির সমন্বয় না হওয়ায় শেষ পর্যন্ত তা করা যায়নি।
কর্মকর্তারা বলছেন, নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু করলে তা শেষ করতে অন্তত ছয় মাস লাগবে। অথচ আগামী ডিসেম্বরেই পাকিস্তান দল বাংলাদেশে আসছে।
দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণার পর মাঠে ছুটে এসেছিলেন বিসিবির পরিচালক ও গ্রাউন্ডস এন্ড ফ্যাসিলিটিজ ম্যানেজম্যান্ট কমিটির চেয়ারম্যান শফিকুর রহমান মুন্না।
তিনি বলেন, "পিচের জন্য কভার থেকে শুরু করে সব ব্যবস্থা রয়েছে। কিন্তু মাঠের অনেক জায়গায় পানি না সরায় সমস্যা হচ্ছে।"
"বিশ্বকাপের পর বিসিবি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে এনএসসিকে চিঠি দিলেও এ নিয়ে কোনো কাজ হয়নি," যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/জেকে/১৫৪৮ ঘ.
bdnews24