ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দলে থাকলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে বাদ পড়েছেন লেন্ডল সিমন্স ও দিনেশ রামদিন।
গত বছর চুক্তিতে স্বাক্ষর না করায় এবার ক্রিস গেইল, কাইরন পোলার্ড ও ডোয়াইন ব্র্যাভোকে চুক্তির প্রস্তাব দেয়নি ডব্লিউআইসিবি। উপেক্ষিত থেকেছেন রামনরেশ সারওয়ান।
মারলন স্যামুয়েলন ও ফিদেল এডওয়ার্ডস রয়েছেন 'বি' গ্রেডে। দুই বছর নিষিদ্ধ থাকার পর চলতি বছরই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেন স্যামুয়েলস। ফেরার পর থেকে দারুণ খেলছেন তিনি। চোট কাটিয়ে এ বছর টেস্টে ফিরেছেন এডওয়ার্ডসও।
'সি' গ্রেড থেকে 'বি' গ্রেডে ওঠেছেন রবি রামপল। চলতি বছরে ২৩.১৩ গড়ে ২২ টেস্ট উইকেট নেন তিনি। আর ওয়ানডেতে ১৮.৯০ গড়ে নেন ২২ উইকেট।
শিবনারায়ন চন্দরপল 'এ' গ্রেডের একমাত্র খেলোয়াড়। অধিনায়ক ড্যারেন স্যামি রয়ে গেছেন 'বি' গ্রেডে।
গত বছর চুক্তি তালিকায় থাকলেও এবার বাদ পড়েছেন বাঁ-হাতি স্পিনার সুলিমান বেন ও নিকিতা মিলার। বিশ্বকাপের পর থেকে দলের হয়ে খেলছেন না মিলার ও বেন।
আশানুরূপ খেলতে না পারায় বাদ পড়েছেন ব্রেন্ডন ন্যাশ ও ডেভিন স্মিথ।
লেগ স্পিনার দেবেন্দ্র বিশু ও উপরের সারির ব্যাটসম্যান ড্যারেন ব্র্যাভোর উত্তরণ ঘটেছে। ডেভেলপমেন্ট থেকে 'সি' গ্রেডে ওঠে এসেছেন তারা।
তালিকা: 'এ' গ্রেড শিবরানায়ন চন্দরপল। 'বি' গ্রেড ফিদেল এডওয়ার্ডস, রবি রামপল, ড্যারেন স্যামি ও মারলন স্যামুয়েলস। 'সি' গ্রেড: অ্যাড্রিয়ান বারাথ, কার্লটন বাফ, দেবেন্দ্র বিশু, ড্যারেন ব্র্যাভো, কার্ক এডওয়ার্ডস,কেমার রোচ, আন্দ্রে রাসেল ও শেন শিলিংফোর্ড। ডেভেলপমেন্ট: ক্রেগ ব্রেথওয়েইট, শেনন গ্যাব্রিয়াল, নিলন পাসকেল, কাইরন পাওয়েল ও ডেভন থমাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১২৫৩ ঘ.
bdnews24