ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাঠ খেলার উপযোগী না থাকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
সকাল নয়টা ও এগারোটায় দুই দফা পর্যবেক্ষণের পর দুই আম্পায়ার কুমার র্ধমসেনা ও নাইজেল লং দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।
চট্টগ্রামে শুক্রবার রাতের ভারী বৃষ্টির হওয়ায় মাঠের কয়েকটি স্থানে পানি জমে যায়। সকাল নয়টা পনের মিনিটের দিকে পিচ কভার সরিয়ে নেয়া হয়। কিন্তু পূর্ব প্রান্তে মাঠ ভেজা থাকায় খেলা শুরু করা যায়নি।
রোববার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে সকাল ৯টায় তৃতীয় দিনের খেলা শুরু হবে।
প্রথম দিন বাংলাদেশ ৪ উইকেটে করে ২৫৫ রান। অধিনায়ক মুশফিকুর রহিম ৬৮ ও নাঈম ইসলাম ৮ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে বৃষ্টির কারণে এই মাঠে ভারত ও জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১১৩০ ঘ.
bdnews24