২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা ছন্দে ফিরতে তামিমের সংকল্প

এখনো যে সেরা ছন্দে ফিরতে পারেননি, তা নির্দ্বিধায় স্বীকার করছেন তামিম ইকবাল। নিজেকে ফিরে পেতে উইকেটে আরো বেশি সময় কাটাতে চান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2011, 03:26 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এখনো যে সেরা ছন্দে ফিরতে পারেননি, তা নির্দ্বিধায় স্বীকার করছেন তামিম ইকবাল। নিজেকে ফিরে পেতে উইকেটে আরো বেশি সময় কাটাতে চান তিনি। শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিনশেষে তিনি বলেন, "সেরা ফর্মে নেই বলেই ইনিংসগুলো আরো বড় করতে পারছি না। এখন থেকে ক্রিজে দীর্ঘক্ষণ কাটিয়ে দলকে ভালো সূচনা এনে দিতে চাই।" "আমি সাবলীলভাবেই খেলছি, কিন্তু ইনিংসগুলো তেমন বড় হচ্ছে না। কেন হচ্ছে না তার ব্যাখ্যা আমার জানা নেই। এটা নিয়ে কাজ করতে হবে," যোগ করেন তিনি। যত তাড়াতাড়ি সম্ভব সেরা ছন্দে ফেরার ব্যাপারে তামিম আশাবাদী। তিনি বলেন, "কয়েক দিন আগেই বলেছিলাম আমি সেরা ফর্মে নেই। তবে উইকেটে টিকে থাকতে পারলে সব ঠিক হয়ে যাবে।" শুক্রবার মারলন স্যামুয়েলসের বলে স্লগ-সুইপ করতে গিয়ে ক্যাচ দেয়া প্রসঙ্গে তিনি বলেন, "যে শট খেলতে গিয়ে আউট হয়েছি তা নিয়ে আমার মনে কোনো আক্ষেপ নেই। এই শটে আমি প্রচুর রান করেছি। আমার সব বড় ইনিংসেই এই শট ছিলো এবং এটি আমার সবচেয়ে প্রিয় শট।" প্রথম ইনিংসে বাংলাদেশের বড় সংগ্রহের ব্যাপারে তামিম আশাবাদী। তিনি বলেন, " এটি দ্রুত রান তোলার উপযোগী উইকেট নয়। আগামীকাল (শনিবার) আমাদের যতক্ষণ সম্ভব ব্যাট করতে হবে। ৩২০ থেকে ৩৫০ রানের মতো করতে পারলে ভালো হয়।" "আজকের দিনটি আমাদের ভালো গেছে। আশা করি পরের দিনটিও ভালো যাবে। উইকেটে বোলারদের জন্য তেমন কিছু নেই," যোগ করেন তিনি। এই উইকেটে ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণ নিয়ে তেমন দুশ্চিন্তা করার কারণ আছে বলে মনে করেন না তামিম। তবে রবি রামপলকে সামলানো একটু কঠিন হবে বলেই তার ধারণা। ফিদের এডওয়ার্ডসের বাউন্সারে শাহরিয়ার নাফীসের চোখের কোণ কেটে যাওয়ার দৃশ্য দেখে তামিম হতবিহ্বল। তিনি বলেন, "এর আগে মাঠে রক্ত দেখিনি। আজই প্রথম দেখলাম। প্রথমে মনে হয়েছিলো ঘাম পড়ছে। কিন্তু পরে দেখি রক্ত। অমন ভয়ঙ্কর ঘটনা দেখেও ভয় পাইনি, তবে খানিকটা নার্ভাস হয়ে পড়েছিলাম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১২২ঘ.