ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেশ কিছু দিন ধরেই ধারাবাহিকভাবে ভালো ব্যাট করছেন তিনি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও মুশফিকুর রহিমের দুর্দান্ত ধারাবাহিকতা।
এই মাঠে এটি বাংলাদেশের নতুন অধিনায়কের ষষ্ঠ টেস্ট। আগের ৫ টেস্টের ১০ ইনিংসে মাত্র একবারই দুই অংকের ঘরে যেতে পারেননি তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২০০৮ সালের ফেব্র"য়ারিতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলেন মুশফিক। শুরুটা অবশ্য একদমই ভালো হয়নি। ঐ ম্যাচের দুই ইনিংসে মাত্র ১৫ ও ৪ রান আসে তার ব্যাট থেকে।
তবে এরপর এই মাঠে আর একটি টেস্টেই অর্ধশতকের দেখা পাননি। ২০০৯ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ২১ ও ৪৩ রান করেন তিনি।
বাকি চার টেস্টে অন্তত অর্ধশতক না পাওয়ার আক্ষেপে পুড়তে হয়নি মুশফিককে। ২০০৮ সালের অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৭৯ ও ৩২ রান এসেছিলো তার ব্যাট থেকে।
চট্টগ্রামে সর্বশেষ চারটি টেস্ট ইনিংসে তো মুশফিকের দারুণ ব্যাটিং-নৈপুণ্য। এই চার ইনিংসের একটিতে শতক করেছেন তিনি। টেস্টে এটিই এখনো পর্যন্ত তার একমাত্র শতক। বাকি তিন ইনিংসেই অর্ধশতক।
গত বছরের জানুয়ারিতে ভারতের বিপক্ষে ১০১ রানের দুর্দান্ত এক ইনিংস এসেছিলো মুশফিকের ব্যাট থেকে। ঐ ম্যাচের প্রথম ইনিংসে ৪৪ রান করেন তিনি।
গত বছরই মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ৭৯ ও ৯৫ রানের আরো দুটো চমৎকার ইনিংস বাংলাদেশকে উপহার দেন মুশফিক।
অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট খেলতে নেমেও তিনি ব্যাট হাতে সফল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনশেষে ৬৮ রানে অপরাজিত মুশফিক শতকের স্বপ্নও দেখতে পারছেন।
২৫তম টেস্ট খেলতে নামা মুশফিকের ব্যাটিং গড় ২৮.৭০। অথচ চট্টগ্রামে তার গড় ৫৮.১০!
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম শুধু বাংলাদেশেরই সৌভাগ্যের মাঠ নয়, মুশফিকের জীবনেরও অনেক প্রাপ্তির মাঠ!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪০ঘ.
bdnews24