ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফরের টেস্ট দলে থাকলেও নাসির হোসেন ও শুভাগত হোম চৌধুরী একমাত্র টেস্টের প্রথম একাদশে সুযোগ পাননি। ইলিয়াস সানি ও সোহরাওয়ার্দী শুভর তো টেস্ট দলে থাকার অভিজ্ঞতা এটাই প্রথম। শুক্রবার চার জনের সামনেই টেস্ট অভিষেকের হাতছানি।
অবশ্য চার জনের এক সঙ্গে না হলেও অন্তত দুজনের টেস্ট অভিষেক প্রায় নিশ্চিতই বলা যায়।
বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের অবশ্য চার জনের ওপরেই দারুণ আস্থা। মাঠে নামার সুযোগ পেলে প্রত্যেকেই নিজেকে উজাড় করে দেবেন বলেই তার বিশ্বাস।
মুশফিক বলেন, "নতুন যারা এসেছেন তারা প্রত্যেকেই উঁচু মানের খেলোয়াড়। এদের প্রত্যেকেই দলকে জয় এনে দেয়ার মতো খেলতে সক্ষম।"
বেশ কিছু দিন ধরেই বাংলাদেশের স্পিন আক্রমণের দুই বড় অস্ত্র সাকিব আল হাসান ও আব্দুর রাজ্জাক। এই সিরিজে রাজ্জাক নেই। তার জায়গায় খেলতে পারেন ইলিয়াস সানি অথবা সোহরাওয়ার্দী শুভ ।
দুজনের মধ্যে কাকে খেলানো হবে তা বৃহস্পতিবার রাত পর্যন্তও ঠিক হয়নি। বাংলাদেশের কোচ স্টুয়ার্ট ল অবশ্য সাকিবের সঙ্গী হিসেবে সানির দিকেই ইঙ্গিত দিয়ে রেখেছেন। বিসিবি কাপ ও চার দিনের প্রস্তুতি ম্যাচে সানির খেলা দেখে ল দারুণ মুগ্ধ।
অভিষেকের সম্ভাবনায় সানিও উদ্বেলিত। এ ব্যাপারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "টেস্ট অভিষেক হবে কী না জানি না। তবে আমি প্রস্তুত। সুযোগ পেলে নিজের খেলাটা খেলতে চাই। জানি দলে থাকতে হলে ভালো খেলেই থাকতে হবে।"
যদিও রাজ্জাকের না থাকাকে খানিকটা চাপ হিসেবেই দেখছেন সানি। তবে চাপ কাটিয়ে উঠে ভালো খেলার ব্যাপারেও তিনি আত্মবিশ্বাসী।
জিম্বাবুয়েতে একমাত্র টেস্টের প্রথম একাদশে উপেক্ষিত হলেও এবার নাসির ও শুভাগতর যে কোনো একজনের অভিষেকের জোরালো সম্ভাবনা।
টেস্টের জন্য নিজেকে ভালোভাবেই প্রস্তুত করেছেন শুভাগত। তিনি বলেন, "সুযোগ পাবো কী না জানি না, তবে আমি প্রস্তুত। কঠোর পরিশ্রম করছি। খেলার সুযোগ পেলে তা কাজে লাগানোর সর্বাত্মক চেষ্টাই করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০১৮ঘ.
bdnews24