২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'৬১'র ধাক্কা ভুলতে চান স্যামি

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে বিশাল হারের ধাক্কা কাটিয়ে টেস্ট সিরিজের কঠিন পরীক্ষার জন্য অতিথিরা প্রস্তুত বলেই মনে করেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2011, 01:42 PM

Updated : 24 Aug 2022, 04:36 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজ। তবে বিশাল হারের ধাক্কা কাটিয়ে টেস্ট সিরিজের কঠিন পরীক্ষার জন্য অতিথিরা প্রস্তুত বলেই মনে করেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। মঙ্গলবার ৬১ রানে অলআউটের ধাক্কা অতিথিরা ভালোভাবে সামলে উঠেছে বলেই তার ধারণা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে স্যামি বলেন, "যা হওয়ার তা হয়ে গেছে। আমরা এখন পুরনো কথা নিয়ে ভাবছি না।" "টেস্ট দলে কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় যোগ দিয়েছেন। আশা করি তারা ভালো খেলা উপহার দিতে পারবেন," যোগ করেন তিনি। স্যামি বলেন, "আমাদের দলে তরুণ খেলোয়াড়ের সংখ্যাই বেশি। দলটা একটু, একটু গড়ে উঠছে। অবশ্য ভারত ও পাকিস্তানের বিপক্ষে এই দল নিয়েই আমরা ভালো খেলেছি। আশা করি সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারব।" প্রথম টেস্টে তীব্র লড়াই হবে বলেই মনে করেন স্যামি। তিনি বলেন, "বাংলাদেশকে আমরা কখনোই হালকাভাবে নেইনি আর এখনো নিচ্ছি না। তারা ঘরের মাঠে নিজেদের সেরা খেলা খেলতে পারদর্শী।" উইকেট প্রসঙ্গে স্যামি বলেন, "আমার মনে হয় উইকেট তৃতীয় ওয়ানডের মতোই হবে। ঐ ম্যাচে কেমার রোচ ভালো বাউন্স পেয়েছেন। আবার বাংলাদেশের স্পিনাররাও ভালো টার্ন পেয়েছেন। সেজন্যই মনে হচ্ছে এটা একটা আদর্শ টেস্ট উইকেট।" ক্যারিবীয় অধিনায়কের ধারণা পেসাররা তো বটেই, তাদের স্পিনাররাও বাংলাদেশের ব্যাটসম্যানদের বিপদে ফেলতে সক্ষম। এ প্রসঙ্গে তিনি বলেন, "শেন শিলিংফোর্ড ও দেবেন্দ্র বিশু বাংলাদেশের ব্যাটসম্যানদের বিপদে ফেলতে পারেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯২৫ঘ.