ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে আছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাটসম্যানরা ভালো খেলতে না পারলে ভালো ফল পাওয়া সম্ভব নয় বলেই তার বিশ্বাস ।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃৃহস্পতিবার টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, "এই সিরিজে ভালো করতে হলে আমাদের ব্যাটসম্যানদের ৬০ থেকে ৭০ শতাংশ অবদান রাখতে হবে। ব্যাটসম্যানরা রান না পেলে জয় বা ড্র কোনো কিছুই সম্ভব নয়।"
"বোলার ও ব্যাটসম্যানদের পরিকল্পনা ভাগ করে দেয়া হয়েছে। সবাই ঠিক মতো নিজ নিজ দায়িত্ব পালন করতে পারলে ভালো কিছু করাও সম্ভব," যোগ করেন তিনি।
বাংলাদেশ দলের চার জনের সামনে টেস্ট অভিষেকের হাতছানি। এই চার জনের ওপরেই পূর্ণ আস্থা আছে মুশফিকের। তিনি বলেন, "আমি মনে করি খেলার সুযোগ পেলে এরা প্রত্যেকেই ভালো করতে সক্ষম।" এদের মধ্যে কেউ ভালো খেললে বাংলাদেশ জিততেও পারে বলে মনে করেন তিনি।
দেশের মাটিতে ১৯ মাস পর টেস্ট খেলছে বাংলাদেশ। টেস্টে ভালো করার জন্য বাংলাদেশের আরো বেশি বড় দৈর্ঘ্যরে ম্যাচ খেলা উচিত বলে মনে করেন মুশফিক। তবে ঘরের মাঠে অনেক দিন পর টেস্ট খেলতে নামলেও পরিচিত পরিবেশ-পরিস্থিতির কারণে বাংলাদেশের তেমন সমস্যা হবে না বলেই তার ধারণা।
উইকেট নিয়েও চিন্তিত নন বাংলাদেশের অধিনায়ক। তিনি বলেন, "খেলোয়াড়রা ভালো খেলতে পারলে ইতিবাচক ফলাফল আসবেই। আশা করি তৃতীয় ওয়ানডের মতোই উইকেট হবে। উইকেট নিয়ে আমাদের চেয়ে প্রতিপক্ষরই বেশি দুর্ভাবনায় থাকার কথা।"
তবে ওয়েস্ট ইন্ডিজকে একটুও খাটো করে দেখছেন না মুশফিক। তিনি বলেন, "ওদের পেস আক্রমণ বেশ শক্তিশালী। ব্যাটিং লাইনআপ আর স্পিন আক্রমণকেও খাটো করে দেখার কিছু নেই। ওদের দলে দেবেন্দ্র বিশুর মতো একজন স্পিনার আছেন । তিনি একাই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৪২ঘ.
bdnews24