ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোহাম্মদ আসিফের উপর 'চাপ প্রয়োগ' করেই তাকে দিয়ে নো বল করিয়েছিলেন সালমান বাট। আদালতে এমন অভিযোগই করেছেন আসিফের আইনজীবী। তবে এই অভিযোগ অস্বীকার করেন সালমান বাট।
গত বছর লর্ডস টেস্টে আসিফ ও মোহাম্মদ আমিরকে দিয়ে ইচ্ছাকৃতভাবে নো বল করানোর অভিযোগ ওঠে পাকিস্তানের সেই সময়ের অধিনায়ক সালমান বাটের বিরুদ্ধে।
স্পট-ফিক্সিং নামে পরিচিত ন্যক্কারজনক ঘটনাটি পাকিস্তান ক্রিকেটকেই এলোমেলো করে দেয়। বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ ও আর্থিক জরিমানা করা হয় তিন ক্রিকেটারকে। এ নিয়ে লন্ডনের একটি আদালতে মামলা চলছে এখন।
আসিফের আইনজীবী আলেকজান্ডার মাইন শুনানিতে সালমানকে প্রায় ২০ মিনিট ধরে জিজ্ঞাসাবাদ করেন। আসিফের প্রশ্নবিদ্ধ ওভারটির ভিডিও আদালতে দেখানো হয়। ওই সময় কাঠগড়ায় দাঁড়ানো সালমানকে মাইন বলেন, "আপনি ওই ওভারের সময় মিস্টার আসিফের সঙ্গে কথা বলেছেন এবং নো বল করার জন্য তাকে চাপ প্রয়োগ করেছেন।"
তবে অভিযোগ অস্বীকার করে সালমান বলেন, "আমি তাকে কোনো চাপ দেইনি। বরং উৎসাহ দিচ্ছিলাম।"
যদিও আসিফ আগে জানিয়েছিলেন, কেউ কখনো তার ওপরে চাপ প্রয়োগ করেনি।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাইন সালমানকে বলেন, "আসিফ নো বল করার আগে আপনি তাকে দ্রুত দৌড়াতে বলেছিলেন।"
উত্তরে সালমান বলেন, "জীবনে কখনো ক্রিকেট খেলে থাকলে আপনার ভালোমতোই জানা থাকার কথা, এই ধরনের নির্দেশ কেউ কখনোই দেয় না। তিনি ১০০ মিটারে দৌড়াচ্ছিলেন না, বল করছিলেন। তাছাড়া আসিফ কখনোই গতি নিয়ে মাথা ঘামায় না। তিনি ছন্দ ধরে রেখে বল করতে পছন্দ করেন।"
বাজিকর মাজহার মাজিদের কাছ থেকে অর্থ নিয়ে ইচ্ছাকৃতভাবে নো বল করার অভিযোগে মামলা চলছে সালমান ও আসিফের বিরুদ্ধে। যদিও দুজনই এই অভিযোগ অস্বীকার করে আসছেন শুরু থেকেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১২১ঘ.
bdnews24