ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের প্রথম পর্বের তৃতীয় দিন শেষে হারের সামনে দাঁড়িয়ে আছে বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী। আর তিন দিনের মধ্যেই বরিশালকে হারিয়ে দিয়েছে চট্টগ্রাম। বুধবার শতক পেয়েছেন খুলনার আনামুল হক ও ঢাকা বিভাগের রনি তালুকদার।
রাজশাহী-ঢাকা মেট্রো
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিকদের হারাতে শেষ দিনে ঢাকা মেট্রোর প্রয়োজন ৮১ রান। হাতে আছে ৮ উইকেট।
মিজানুর রহমানের অর্ধশতকের পরও দ্বিতীয় ইনিংসে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ রাজশাহী। বিনা উইকেটে ৫ রান নিয়ে খেলা শুরু করে ১৮২ রানে অলআউট হয়ে যায় তারা। মিজানুরের ব্যাট থেকে আসে ৭২ রান।
ঢাকা মেট্রোর পক্ষে আরাফাত সানি ও আসিফ আহমেদ চারটি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দিন শেষে ঢাকা মেট্রোর সংগ্রহ ২ উইকেটে ৭২। সাজঘরে ফিরে গেছেন আরমান হোসেন (৩৩) ও তাসামুল হক (১০)। আসিফ আহমেদ ২১ ও শামসুর রহমান ৭ রানে অপরাজিত।
সিলেট-খুলনা
সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ড্রয়ের দিকে এগোচ্ছে সিলেট-খুলনা ম্যাচ। আনামুল হকের শতকের সুবাদে ৯ উইকেটে ২৭৩ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে খুলনা।
তারপরও ২০৫ রানের লিড পায় সিলেট। ১৪টি চার ও দুই ছক্কায় ১২৬ রান করেন আনামুল। সিলেটের পক্ষে এনামুল হক জুনিয়র ৪ উইকেট নেন ৭৭ রানে।
দিন শেষে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৭৬ রান করেছে সিলেট। সব মিলিয়ে তারা এগিয়ে ২৮১ রানে।
সায়েম আলম ৩০ ও রাজিন সালেহ ৮ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে ইজাজের অপরাজিত শতকের সুবাদে ৮ উইকেটে ৪৭৮ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে সিলেট।
চট্টগ্রাম-বরিশাল
বিকেএসপিতে চট্টগ্রাম ১০৬ রানে হারিয়েছে বরিশালকে। ২৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১৪৪ রানে। অধিনায়ক ফজলে মাহমুদের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩১ রান।
চট্টগ্রামের পক্ষে নুর হোসেন মুন্না ৪ উইকেট নেন ৩৬ রানে। ৪১ রানে ইয়াসিন আরাফাতের শিকার ৩ উইকেট।
এর আগে ২ উইকেটে ৬৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে চট্টগ্রাম। অধিনায়ক নাজিমউদ্দিনের ৭৭ রানের সুবাদে ১৯১ রান করে তারা।
বরিশালের পক্ষে ইশরাক সনেট ৩ উইকেট নেন ২১ রানে।
ঢাকা-রংপুর
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রনি তালুকদারের শতকের সুবাদে ভালো অবস্থানে রয়েছে ঢাকা। তৃতীয় দিন শেষে তাদের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ১ উইকেটে ২০১। প্রথম ইনিংসে ৭৬ রানের লিড পেয়েছিলো ঢাকা।
রনির ব্যাট থেকে আসে ১২১ রান। মাত্র ১৪০ বলের ইনিংসটিতে ১২টি চার ছাড়াও ছিলো তিনটি বিশাল ছক্কা।
এর আগে ৬ উইকেটে ১৩৯ রান নিয়ে দিন শুরু করা রংপুর আলাউদ্দিন বাবুর অর্ধশতকের সুবাদে অলআউট হওয়ার আগে ২৫১ রান করে। বাবুর ব্যাট থেকে আসে ৭৬ রান।
ঢাকার পক্ষে মোশাররফ হোসেন ৪ উইকেট নেন ৬৪ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২০৪৩ঘ.
bdnews24