২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুরেফিরে '৫৮'র স্মৃতিচারণ

তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬১ রানে অলআউট করার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম ও ম্যাচ সেরা সাকিব আল হাসানের কথায় ঘুরেফিরে এলো '৫৮'র কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 04:00 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৬১ রানে অলআউট করার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম ও ম্যাচ সেরা সাকিব আল হাসানের কথায় ঘুরেফিরে এলো '৫৮'র কথা। বিশ্বকাপে এই ওয়েস্ট ইন্ডিজের কাছেই ৫৮ রানে গুঁড়িয়ে গিয়েছিলো বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশের ঐ লজ্জা দূর হলো বলে মনে করেন মুশফিক। তিনি বলেন, "আশা করি আজকের জয়ের পর ৫৮ রানে অলআউট হওয়ার কথা আর কেউ বলবে না।" ৪৮ রানে ৮ উইকেট পড়ে যাওয়ার পর ৫৮ রানের মধ্যেই সফরকারীদের বেধে ফেলার আশা করেছিলেন মুশফিক ও সাকিব। মুশফিক বলেন, "ওদের ৮ উইকেট পড়ে যাওয়ার পর আমি বারবার দলের সবাইকে যত তাড়াতাড়ি সম্ভব ওদের অলআউট করার কথা বলছিলাম। লক্ষ্য ছিলো ৫৭ রানেই ওয়েস্ট ইন্ডিজকে বেঁধে ফেলার। এই জয় টেস্ট সিরিজে ভালো করতে অনুপ্রাণিত করবে বলে মনে করেন মুশফিক। সাকিব বলেন, "৪৮/৮ হওয়ার পর মনে হচ্ছিল দুয়েক ওভারের মধ্যেই ওদের শেষ দুটো উইকেট পড়ে যাবে। উইকেটের লক্ষ্য নিয়ে বল করায় কয়েকটা রান বেশি হয়ে গেছে।" মুশফিক বলেন, "বৃষ্টি, উইকেট, টস ও দলীয় নৈপুণ্য সব কিছুই এই জয়ে ভূমিকা রেখেছে। পরিকল্পনা মতো শুরুতে উইকেটও পেয়েছি। প্রথম দুটো ওয়ানডেতে পেসাররা শুরুতে উইকেট এনে দিতে না পারলেও আজ (মঙ্গলবার) পেরেছেন।" "উইকেট প্রত্যাশিত আচরণই করেছে। ১৭-১৮ ঘন্টা উইকেট ঢাকা থাকায় পেসাররা শুরুতে ভালোই সহায়তা পেয়েছেন," যোগ করেন তিনি। ছোট লক্ষ্য তাড়া করতে গিয়েও দুই উইকেট হারানোর ব্যাপারে তিনি বলেন, "উইকেট খুব সহজ ছিল না। ইমরুল কায়েস ও শাহরিয়ার নাফীস কেউই বাজে শট খেলে আউট হন নি।" উইকেটের ব্যাপারে মুশফিকের সঙ্গে একমত প্রতিপক্ষ অধিনায়ক ড্যারেন স্যামি। তিনি বলেন, "আমরা আত্মবিশ্বাসী ছিলাম। কিন্তু ভাল খেলতে পারি নি।" "চট্টগ্রামের উইকেট শট খেলার মতো নয়। সিরিজের প্রথম দুই ম্যাচ আমরা ভালোই খেলেছি। কিন্তু আজ একদমই ভালো খেলতে পারিনি। ৬১ রানে অলআউট হওয়া খুবই হতাশাজনক," যোগ করেন তিনি। একটা ভালো জুটি হলে বা ওয়েস্ট ইন্ডিজ অন্তত ১৫০ রান করতে পারলেও ফলাফল অন্যরকম হতে পারতো বলে মনে করেন স্যামি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএনএম/এএআর/২১৫৩ঘ.