২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় লিগের প্রথম শতক ইজাজের

ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের প্রথম শতক করার কৃতিত্ব ইজাজ আহমেদের। মঙ্গলবার তার অপরাজিত শতকের সুবাদে খুলনার বিপক্ষে বিশাল সংগ্রহ গড়েছে সিলেট। লিগের প্রথম পর্বে দ্বিতীয় দিনশেষে সুবিধাজনক অবস্থায় আছে ঢাকা, চট্টগ্রাম আর নবাগত ঢাকা মেট্রোও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2011, 01:49 PM

Updated : 24 Aug 2022, 04:35 PM

ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ত্রয়োদশ জাতীয় ক্রিকেট লিগের প্রথম শতক করার কৃতিত্ব ইজাজ আহমেদের। মঙ্গলবার তার অপরাজিত শতকের সুবাদে খুলনার বিপক্ষে বিশাল সংগ্রহ গড়েছে সিলেট। লিগের প্রথম পর্বে দ্বিতীয় দিনশেষে সুবিধাজনক অবস্থায় আছে ঢাকা, চট্টগ্রাম আর নবাগত ঢাকা মেট্রোও। সিলেট-খুলনা সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ইজাজের দারুণ ব্যাটিংয়ের সুবাদে ৮ উইকেটে ৪৭৮ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে সিলেট। জবাবে এক উইকেটে ২৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে খুলনা। ৫ উইকেটে ২২৮ রান নিয়ে দিন শুরু করা সিলেটের বিশাল রানের ভিত গড়ে দিয়েছেন ইজাজ। ১৫০ বলে ১০০ রানে অপরাজিত থাকা ইজাজের চমৎকার ইনিংসটা ১৩টি চার ও এক ছক্কায় সাজানো। গোলাম মাবুদ (৭৯) ও এনামুল হক জুনিয়রের (৬০) দুটো অর্ধশতকও স্বাগতিকদের ভালো সংগ্রহ গড়তে দারুণ সাহায্য করে। খুলনার পক্ষে তাপস ঘোষ ও আশরাফুল হক দুটি করে উইকেট নেন। রাজশাহী-ঢাকা মেট্রো রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে প্রথম ইনিংসে স্বাগতিকরা করে ১৯৩ রান। জবাবে ৯ উইকেটে ২২৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রো। অতিথিদের লিড ৩০ রানের। দিন শেষে দ্বিতীয় ইনিংসে রাজশাহীর স্কোর বিনা উইকেটে ৫ রান। বৃষ্টির কারণে চা-বিরতির পর খেলা হয়নি। এক উইকেটে ১১০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ঢাকা মেট্রোকে বিশাল লিড এনে দেয়ার স্বপ্ন দেখাচ্ছিলেন আগের দিনশেষে অপরাজিত থাকা তাসামুল হক ও আসিফ আহমেদ। কিন্তু দুজনের কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। ৬৮ রান নিয়ে ব্যাট করতে নামা আসিফ আউট হয়ে গেছেন আর তিন রান করে। প্রথম দিনশেষে ৪০ রানে অপরাজিত তাসামুল বিদায় নেন ৫৫ রান করে। এরপর ঢাকা মেট্রোকে একাই টেনেছেন শামসুর রহমান (৫৬)। এই তিন জন ছাড়া আর কেউ দুই অংকের ঘরে যেতে পারেননি। রাজশাহীর পক্ষে সাকলায়েন সজীব ৩ উইকেট নেন ৬১ রানে। চট্টগ্রাম-বরিশাল বিকেএসপিতে চট্টগ্রামের প্রথম ইনিংসের সংগ্রহ ১৮৭ রান। জবাবে বরিশাল অলআউট হয়ে যায় ১২৮ রানে। অর্থাৎ চট্টগ্রামের লিড ৫৯ রানের । দিনশেষে দ্বিতীয় ইনিংসে চট্টগ্রামের সংগ্রহ ৩ উইকেটে ৬৬ রান। সব মিলিয়ে ১২৫ রানে এগিয়ে আছে তারা। অধিনায়ক নাজিম উদ্দিন ১ ও আফতাব আহমেদ ৪ রান নিয়ে ব্যাট করছেন। আউট হয়েছেন মাহবুবুল করীম (১৬), নাফীস ইকবাল (২৩) ও মুমিনুল হক (১৯)। বরিশালের পক্ষে ইশামুল আহসান ২ উইকেট নেন ৬ রানে। এর আগে ২ উইকেটে ১৩ রান নিয়ে দিন শুরু করে বরিশাল। ১১৫ রান যোগ করে শেষ ৮ উইকেট হারায় তারা। ২৮ রান করে আসে শাহীন হোসেন ও ইফতেখান নাঈমের ব্যাট থেকে। চট্টগ্রামের পক্ষে নুর হোসেন মুন্না, কাজী কামরুল ও ইয়াসিন আরাফাত ৩টি করে উইকেট নেন। ঢাকা-রংপুর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম ইনিংসে ঢাকা বিভাগ করে ৩২৭ রান। জবাবে ৬ উইকেটে ১৩৯ রানে দিন শেষ করে রংপুর। ৪ উইকেট হাতে নিয়ে স্বাগতিকরা পিছিয়ে আছে ১৮৮ রানে। ৬২ রানের মধ্যে প্রথম পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে যায় রংপুর। সায়মন আহমেদ ও ধীমান ঘোষ (৩১) সেখান থেকে দলকে টেনে তোলেন। ধীমান আউট হয়ে গেলেও সায়মন ৩২ রান নিয়ে ব্যাট করছেন। ঢাকার পক্ষে মাহবুবুল আলম রবিন ৩ উইকেট নেন ৩৬ রানে। এর আগে ৮ উইকেটে ২৯৪ রান নিয়ে দিন শুরু করে ঢাকা। ৩৩ রান যোগ করে শেষ দুই উইকেট হারায় তারা। তৈয়বুর পারভেজ ৭৬ রানে অপরাজিত থাকেন। রংপুরের পক্ষে আরিফুল হক, সায়মন ও তানভির হায়দার দুটি করে উইকেট নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪১ঘ.