ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জুনায়েদ খানের তোপে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দিনটা একদমই ভালো কাটেনি শ্রীলঙ্কার। মঙ্গলবার প্রথম টেস্টে ১৯৭ রানে অলআউট হয়ে গেছে তারা। দিনশেষে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ২৭ রান।
মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা বাঁহাতি পেসার জুনায়েদ ৫ উইকেট নেন ৩৮ রানের বিনিময়ে।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার শুরুটা মন্দ হয়নি। তবে অ্যাঞ্জেলো ম্যাথিউস ছাড়া আর কেউ অর্ধশতক করতে পারেননি।
ম্যাথিউস অপরাজিত থাকেন ৫২ রান করে।
শ্রীলঙ্কার ব্যাটিংয়ে সবচেয়ে বড় ধস নামে দ্বিতীয় পানি পানের বিরতির কিছুক্ষণ পর। ১১২/৪ থেকে ১১৪/৭-এ পরিণত হয় তারা। শ্রীলঙ্কাকে বিপদে ফেলতে সবচেয়ে বড় ভূমিকা জুনায়েদের। নিজের পাঁচ বলের মধ্যে তিনি তুলে নেন মাহেলা জয়াবর্ধনে (২৮), প্রসন্ন জয়াবর্ধনে (০) ও রঙ্গনা হেরাথের (০) উইকেট।
শেষ দুই উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে অলআউট করার কৃতিত্বও জুনায়েদের।
উমর গুল ও সাঈদ আজমল নেন ২টি করে উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৪৮ঘ.
bdnews24