২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ ওয়ানডেতে বৃষ্টির চোখ রাঙানি

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেকে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। বৃষ্টিতে ম্যাচটি পন্ড হওয়ার যথেষ্ট আশঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2011, 02:12 PM

Updated : 24 Aug 2022, 04:34 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেকে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। বৃষ্টিতে ম্যাচটি পন্ড হওয়ার যথেষ্ট আশঙ্কা। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে সোমবার দুপুরে বৃষ্টির কারণে অনুশীলন অসম্পূর্ণ রেখেই মাঠ ছাড়ে বাংলাদেশ দল। ২০ মিনিটের বৃষ্টিতে আউট ফিল্ডের দুয়েকটি স্থানে পানি জমে থাকতে দেখা গেছে। অবশ্য বিকেল পাঁচটা পর্যন্ত আর বৃষ্টি না হওয়ায় মাঠের অবস্থা প্রায় আগের মতো হয়ে যায়। সকালে ওয়েস্ট ইন্ডিজ অবশ্য নির্বিঘেœই অনুশীলন করে। অনুশীলন শুরু করার আগে সাংবাদিকদের সাথে কথা বলেন ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক বলেন, "আমরা ৩-০ ব্যবধানে সিরিজ জিততে চাই। শেষ ওয়ানডেতেও জিতলে টেস্ট সিরিজে আমাদের দলের মনোবল আরো চাঙ্গা থাকবে।" বাংলাদেশ দলের অন্যতম নবীন সদস্য নাসির হোসেনও মঙ্গলবার জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, "আশা করি চট্টগ্রামের উইকেটে টার্ন থাকবে। আমাদের দলের সবাই চট্টগ্রামে খেলাটা দারুণ উপভোগ করে। আমরা জেতার জন্যই মাঠে নামবো।" যদিও বৃষ্টির কারণে খেলা হওয়া নিয়ে আশঙ্কা থাকছেই। পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর সঞ্চরণশীল মেঘমালা ও মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে।" বিসিবির পরিচালক সিরাজুদ্দিন মোহাম্মদ আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "পুরো মাঠ ঢেকে রাখার ব্যবস্থা আছে। ম্যাচের আগ পর্যন্ত মাঠ ঢেকে রাখা হবে। সোমবারের বৃষ্টিতে আউট ফিল্ডের কোনো ক্ষতি হয় নি।" যদিও এর আগে বৃষ্টির কারণে এই মাঠে ভারত ও জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এএনএম/২০০০ঘ.