ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইসিসি প্রবর্তিত ক্রিকেটের নতুন নিয়মগুলো বেশ বিভ্রান্তিকর বলে মনে করেন ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলি। যদিও তার অভিমত নিয়মগুলো খেলাটাকে আরো উপভোগ্য করে তুলবে।
গত মে মাসে লন্ডনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক সভায় নতুন নিয়মগুলোর অনুমোদন দেয় প্রতিষ্ঠানটির নির্বাহী কমিটি। আইসিসির ক্রিকেট কমিটি এই নিয়মগুলো প্রবর্তনের প্রস্তাব করে।
সোমবার ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে দিল্লির ফিরোজশাহ কোটলা স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে কোহলি বলেন, "নিয়মগুলো হয়তো ক্রিকেটকে আরো উপভোগ্য ও আক্রমণাত্মক করে তুলবে। কিন্তু প্রথম ম্যাচে বেশ বিভ্রান্তিতে পড়েছিলাম আমরা। আম্পায়ারের কাছে বল ফিরিয়ে দেয়ার কথা আমরা একেবারে ভুলেই গিয়েছিলাম। রান আউটের নিয়মেও কিছু পরিবর্তন আনা হয়েছে। কিন্তু এ নিয়েও এখনো ধোঁয়াশা আছে।"
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ১২৬ রানে জিতেছে ভারত। হায়দরাবাদের ওই ম্যাচটি ছিলো ভারতে নতুন নিয়মে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে।
নতুন নিয়মানুযায়ী ফিল্ডার আবেদন করার পর আম্পায়ার যদি মনে করেন ব্যাটসম্যান উইকেট আড়াল করে দৌড়েছেন তাহলে আউট না হলেও আম্পায়ার ঐ ব্যাটসম্যানকে রান আউট ঘোষণা করতে পারবেন।
এছাড়া আরো কয়েকটি নতুন নিয়ম প্রবর্তিত হয়েছে। সেগুলো হলো দুই প্রান্ত থেকে দুটো নতুন বল ব্যবহার, ৩৪ ওভার পর বল পরিবর্তনের নিয়ম রদ, ১৬ থেকে ৪০ ওভারের মধ্যেই বোলিং ও ব্যাটিং পাওয়ার প্লে নেয়া এবং আহত ব্যাটসম্যানের রানার নিয়ে খেলার সুযোগ না পাওয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০০৩ঘ.
bdnews24