২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিজেদের নির্দোষ দাবী করেছিলেন সালমান-আসিফ

গত বছরের সেপ্টেম্বরে পুলিশের জেরার সামনে মোহাম্মদ আসিফ দাবি করেছিলেন, সালমান বাট কখনোই তাকে নো বল করতে বাধ্য করেননি। সালমান বাটও নিজেকে নির্দোষ দাবি করেছিলেন ঐ তদন্তে। লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতে স্পট ফিক্সিং মামলার শুনানিতে জানা গেছে এই তথ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গত বছরের সেপ্টেম্বরে পুলিশের জেরার সামনে মোহাম্মদ আসিফ দাবি করেছিলেন, সালমান বাট কখনোই তাকে নো বল করতে বাধ্য করেননি। সালমান বাটও নিজেকে নির্দোষ দাবি করেছিলেন ঐ তদন্তে। লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতে স্পট ফিক্সিং মামলার শুনানিতে জানা গেছে এই তথ্য। গত বছরের অগাস্টে স্পট ফিক্সিং কেলেঙ্কারি ফাঁস হওয়া কিছু দিন পর ইংল্যান্ডের পুলিশ সালমান ও আসিফকে জেরা করেছিল। পুলিশের সঙ্গে তাদের কথোপকথনও আদালতে শোনানো হয়। গত বছরের সেপ্টেম্বরে পুলিশের ঐ তদন্তে আসিফকে প্রশ্ন করা হয়েছিল সালমানকে বাঁচানোর জন্য কিংবা সালমানের চাপে বাধ্য হয়ে তিনি মিথ্যা বলছেন কি না। জবাবে আসিফ বলেন, "তিনি (সালমান) কিভাবে আমাকে চাপ দেবেন? আমি দীর্ঘ দিন পাকিস্তানের হয়ে খেলেছি এবং কেউ কখনো আমাকে কিছু করতে বাধ্যও করেনি।" ঐ তদন্তে সালমানও তার দুই সতীর্থ আসিফ ও মোহাম্মদ আমিরকে দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে নো বল করানোর কথা অস্বীকার করেন। তিনি বলেন, "আমি কিছুতেই আমির ও আসিফকে প্রতারণা করতে বলতে পারি না। তাদের মতো খেলোয়াড়দের বেশির ভাগ দলই নিতে চাইবে। দল গড়ার সময় ওদের দুজনের নাম শুরুতেই লিখতে হতো আমাদের।" গত বছর লর্ডস টেস্ট চলার সময় অর্থের বিনিময়ে পাকিস্তানের তখনকার অধিনায়ক সালমান বাট দলের দুই পেসার আসিফ ও আমিরকে দিয়ে ইচ্ছাকৃতভাবে নো বল করান এই অভিযোগে তিন জনের বিরুদ্ধে প্রতারণা মামলা চলছে। অভিযুক্ত খেলোয়াড়দের এজেন্ট মাজহার মাহমুদের বিরুদ্ধেও একই অভিযোগ আনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/১৮২৩ঘ.