ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের নবম ক্রিকেটার হিসেবে শততম ওয়ানডের সামনে দাঁড়িয়ে আছেন মুশফিকুর রহিম। শনিবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে হবে তার ক্রিকেট-জীবনের শততম ওয়ানডে।
জাতীয় দলের নতুন অধিনায়ক অবশ্য ব্যক্তিগত অর্জনের আনন্দের চেয়ে সিরিজে সমতা ফেরানো নিয়েই বেশি উদ্বিগ্ন।
বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচ ছিল অধিনায়ক হিসেবে মুশফিকেরও প্রথম ওয়ানডে। ৪০ রানে হেরে যাওয়া ম্যাচটির ভুলগুলো শুধরে দ্বিতীয় ওয়ানডেতে সাফল্যের পথে এগিয়ে যেতে চান তিনি।
মুশফিক বলেন, "প্রথম ম্যাচে আমরা ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই খারাপ করেছি। আশা করি পরের ম্যাচে আর কোনো ভুল আর হবে না।"
তার বিশ্বাস ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে জেতার জন্য ভুল করার কোনো অবকাশ নেই। তিনি বলেন, "ওয়েস্ট ইন্ডিজ শক্তিশালী দল। তাদের হারাতে হলে কিছুতেই ভুল করা চলবে না। নিজেদের সেরাটা ঢেলে না দিলে তাদের হারানোও যাবে না। অবশ্য আমাদের হারাতে হলে ওদেরও নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে।
খালেদ মাসুদ পাইলটের পর বাংলাদেশের দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে শততম ওয়ানডে খেলতে যাচ্ছেন মুশফিক।
হারারেতে ২০০৬ সালের ৬ অগাস্ট জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। ৯৯টি ওয়ানডেতে একটি শতক ও ৯টি অর্ধশতকসহ ১৮৯৬ রান করেছেন তিনি।
সা¤প্রতিক সময়ে বাংলাদেশ প্রত্যাশিত সাফল্য না পেলেও ব্যাট হাতে সময়টা দারুণ কাটছে মুশফিকের। সর্বশেষ নয় ইনিংসে মাত্র এক বারই দুই অংকের ঘরে যেতে পারেননি। বাকি আট ইনিংসের মধ্যে একটি শতক ও দুটি অর্ধশতক এসেছে তার ব্যাট থেকে।
ওয়ানডেতে ব্যাটিং গড় ২৫.৬২ হলেও সর্বশেষ ৯ ম্যাচে ৫০.৭২ গড়ে ৩৫৬ রান করেছেন মুশফিক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৩১ ঘ.
bdnews24