ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-২০১২ এ অংশগ্রহণ করবে নয়টি দল। বাদ পড়া দলটি হচ্ছে কোচি টাস্কার্স কেরালা। এছাড়া প্রথম তিন আসরের মত 'হোম অ্যান্ড অ্যাওয়ে' আকারে খেলা হবে।
রাজীব শুক্লাকে প্রধান করে গঠিত আইপিএলের নতুন পরিচালনা পর্ষদ ১৪ অক্টোবর হায়দরাবাদে প্রথমবারের মত বৈঠক করে। সেখানেই সিদ্ধান্তগুলো নেয়া হয়।
কোচির খেলোয়াড়দের ভবিষ্যত ও প্রতিযোগিতাটি কি আকারে চলবে সেটাই ছিলো বৈঠকে মূল আলোচনার বিষয়।
কোচির স্থলে নতুন কোনো দল গঠন করা হবে কিনা, কতদিন দল-বদলের সুযোগ থাকবে, আগামী বছরের শুরুতে ক্রিকেটারদের নিলাম এবং পাকিস্তানের ক্রিকেটাদের আইপিএলে অংশগ্রহণের সুযোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গত মাসে তাদের বার্ষিক সাধারণ সভায় কোচিকে আইপিএল থেকে বাদ দেয়ার পক্ষে মত দেয় এবং কোচির ব্যাংক জামানত থেকে খেলোয়াড়দের পাওনা মেটানোর সিদ্ধান্ত হয়। এরই মধ্যে কোচির ব্যাংক জামানত ১৫৬ কোটি রুপি জব্দ করেছে বিসিসিআই।
আইপিএলের গত আসরে মুত্তিয়া মুরালিধরন, ব্রেন্ডন ম্যাককালাম, মাহেলা জয়াবর্ধনে ও পার্থিব প্যাটেলের মত তারকা খেলোয়াড়রা কোচির হয়ে মাঠে নেমেছিলেন। আগামী আসরে তাদের ভবিষ্যত নিয়েও সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইপিএলের অন্য দলগুলো তাদের দলে টানতে পারবে। সেটা হতে পারে নিলাম বা দল-বদলের মাধ্যমে। তবে নিলাম হওয়ার সম্ভাবনাই বেশি বলে ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছে একটি দলের কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭৫৫ ঘ.
bdnews24