২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেপ টাউনে জিতে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

কেপ টাউনে প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। তখনো হাতে ছিল ৩ বল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 07:41 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেপ টাউনে প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। তখনো হাতে ছিল ৩ বল। এই জয়ের ফলে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। জোহানেসবার্গে রোববার দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে দল দুটি। বৃহস্পতিবার নিউল্যান্ডসে টসে জিতে ব্যাট করতে নেমে জেপি ডুমিনির অর্ধশতকের সুবাদে ৭ উইকেটে ১৪৬ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে শেন ওয়াটসনের অর্ধশতকের সুবাদে ১৯ ওভার ৩ বলে ৫ উইকেটে জয়ের লক্ষ্য ১৪৭ রানে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। লক্ষ্য তাড়া করতে নেমে সফরকারীদের শুরুটা মোটেও ভালো হয়নি। রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন ডেভিড ওয়ার্নার। দলের রান তখন ১। দ্বিতীয় উইকেটে ওয়াটসন ও শন মার্শ ৮২ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার পাশাপাশি দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন। কিন্তু দলীয় ৮৩ রানে ওয়াটসন (৫২) ও ৮৭ রানে মার্শ (২৫) বিদায় নিলে হোঁচট খায় অস্ট্রেলিয়া। ওয়াটসন তার ৩৯ বলের ইনিংসটি সাজান ৬টি চার ও ১টি ছয় দিয়ে। চতুর্থ উইকেটে অধিনায়ক ক্যামেরন হোয়াইট ও ডেভিড হাসি ৪০ রান যোগ করে দলকে নিয়ে আসেন জয়ের পথে। হোয়াইট (২৮) দলীয় ১২৭ রানে ফিরে গেলেও দেখেশুনে খেলতে থাকেন হাসি। দলীয় ১৪১ রানে হাসি (২৫) বিদায় নিলেও দলকে জয় এনে দেন স্টিভেন স্মিথ ও ম্যাথিউ ওয়াডে। শেষ পর্যন্ত স্মিথ ৮ ও ওয়াডে ১ রানে অপরাজিত থাকেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে চারজন বোলার একটি করে উইকেট নেন। এর আগে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকারও। দলের ২ রানে গ্রায়াম স্মিথ (০) ও ১০ রানে হাশিম আমলা (৪) বিদায় নিলে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা। তৃতীয় উইকেটে কলিন ইনগ্রামকে সঙ্গে নিয়ে ৫৮ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন ডুমিনি। দলীয় ৬৮ রানে ইনগ্রাম (৩৩) বিদায় নিলেও অবিচল ছিলেন ডুমিনি। চতুর্থ উইকেটে ডেভিড মিলারের সঙ্গে ৬৫ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান। কিন্তু ১৯ তম ওভারে প্যাট কামিনস ৪ বলের মধ্যে ডুমিনি (৬৭), মিলার (২০) ও জোহান বোথাকে (৪) ফিরিয়ে দিলে পথ হারায় দক্ষিণ আফ্রিকা। ডুমিনির ৫৩ বলের ইনিংসে ৬টি চার ও ৩টি ছয় রয়েছে। অস্ট্রেলিয়ার পক্ষে কামিনস ৩ উইকেট নেন ২৫ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/০১৩৪ ঘ.