২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা ও মেয়েকে শতক উৎসর্গ করলেন সিমন্স

পিচে তেমন টার্ন না থাকায় ব্যাট করতে সুবিধা হয়েছে বলে মনে করেন লেন্ডল সিমন্স। জীবনের ৩০তম ওয়ানডেতে প্রথম শতকের দেখা পেয়েছেন তিনি। এই শতক মা ও মেয়েকে উৎসর্গ করেছেন ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 05:31 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিচে তেমন টার্ন না থাকায় ব্যাট করতে সুবিধা হয়েছে বলে মনে করেন লেন্ডল সিমন্স। জীবনের ৩০তম ওয়ানডেতে প্রথম শতকের দেখা পেয়েছেন তিনি। এই শতক মা ও মেয়েকে উৎসর্গ করেছেন ওয়েস্ট ইন্ডিজের উদ্বোধনী ব্যাটসম্যান। বৃহস্পতিবার প্রথম ওয়ানডে শেষে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে তিনি বলেন, "টি-টোয়েন্টি ম্যাচের পিচে বেশ টার্ন ছিল। কিন্তু আজকের (বৃহস্পতিবার) উইকেটে তেমন টার্ন ছিল না।" "বল বেশ সহজে ব্যাটে এসেছে। এজন্য ব্যাটসম্যানরা বেশি শট খেলার সুযোগ পেয়েছেন," যোগ করেন তিনি। ম্যাচ-সেরার পুরস্কার পাওয়া সিমন্স বলেন, "প্রথম ৫ ওভারে রান করা একটু কঠিন ছিল। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাট করা বেশ সহজ হয়ে যায়।" "পাকিস্তান ও ভারতের বিপক্ষে কয়েকটি ম্যাচে ভালো ভাবে শুরু করেছিলাম। কিন্তু কোনো ইনিংসই শতক পর্যন্ত যেতে পারেনি। এবার পেয়ে গেলাম," যোগ করেন তিনি। জানতেন বাংলাদেশে অনেক স্পিনার আছেন। তাদের বিপক্ষে খেলার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েও এসেছেন সিমন্স। তিনি বলেন, "ভারতে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি খেলে আসায় এই পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে কোনো সমস্যা হয় নি। স্পিনের বিপক্ষে খেলার প্রস্তুতি নিয়েই এসেছি।" টি-টোয়েন্টিতে অর্ধশতক হাঁকানোর পর প্রথম ওয়ানডেতেও অর্ধশতক পেয়েছেন মারলন স্যামুয়েলস। তার ব্যাটিং অন্যদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে বলে জানান সিমন্স। ২৯৮ রান করার পর জয়ের ব্যাপারে অনেকটাই নিশ্চিত ছিলেন তিনি। এদিকে ওয়েস্ট ইন্ডিজ দলের মিডিয়া ম্যানেজার ফিলিপ স্পুনার জানিয়েছেন, পেটের পীড়ায় আক্রান্ত অধিনায়ক ড্যারেন স্যামি এখন অনেকটাই সুস্থ। পরের ম্যাচেই তিনি খেলতে পারেন। বৃহস্পতিবার প্রথম ওয়ানডেতে ব্যাট করার সময় পায়ের পেশিতে টান পড়ে মাঠের বাইরে চলে যাওয়া অ্যাড্রিয়ান বারাথও সুস্থ হওয়ার পথে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২৩২২ঘ.