ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথমটির মতো শ্রীলঙ্কা সফরের দ্বিতীয় ওয়ানডেতেও হেরে গেছে বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। বৃহস্পতিবার শ্রীলঙ্কার জাতীয় দলের কাছে ২ উইকেটে হেরে যাওয়ায় তিন ম্যাচের সিরিজ হারও নিশ্চিত হয়ে গেছে তাদের।
রাঙ্গিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ৪৯ ওভার ১ বলে ১৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। যদিও তখন তাদের হাতে ছিল ৫০ বল।
টস হেরে ব্যাট করতে নেমে ৮৩ রানে ৬ উইকেট হারিয়ে অল্প রানে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে সপ্তম উইকেটে অধিনায়ক সালমা খাতুন ও লতা মন্ডলের ৭১ রানের জুটি বাংলাদেশকে লজ্জায় পড়তে দেয়নি।
৭২ বলে খেলা সালমার ৫৬ রানের অধিনায়কোচিত ইনিংসে ৭টি চার। ৬৪ বলে দুটি চারের সাহায্যে লতা করেন ৪১ রান।
শ্রীলঙ্কার পক্ষে ২৭ রানে ৩ উইকেট নেন শশীকলা সিরিবর্ধনে। ৩৭ রানে ২ উইকেট পান শেরিনা রাভিকুমার।
৮৯ রানে প্রতিপক্ষের চার উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। কিন্তু অধিনায়ক দিলানি মানোদারা (৩৪) ও শশীকলার (৪৭) ৭৫ রানের জুটিতে বিপদ কাটিয়ে ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা।
শেষ দিকে ২১ রানের ব্যবধানে আরো চার উইকেট ফেললেও হার বাঁচাতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন শুকতারা ও সালমা।
সিরিজের শেষ ওয়ানডে শুক্রবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/১৮৪৫ঘ.
bdnews24