২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তবু শঙ্কিত নন স্যামি

বাংলাদেশের চেয়ে বেশি ভুল করার জন্যই একমাত্র টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে ৩ উইকেটে হারতে হয়েছে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। তবে এই হারের পরও শঙ্কিত নন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2011, 04:43 PM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের চেয়ে বেশি ভুল করার জন্যই একমাত্র টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে ৩ উইকেটে হারতে হয়েছে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। তবে এই হারের পরও শঙ্কিত নন তিনি। মঙ্গলবার ম্যাচ শেষে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে তিনি বলেন, "এই হার আমাদের জন্য শঙ্কা জাগানোর মতো কিছু নয়। এটা শুধুই একটি ম্যাচ।" "এই টি-টোয়েন্টির পর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট রয়েছে। আমরা সেগুলোর দিকেই তাকিয়ে আছি," যোগ করেন স্যামি। তিনি বলেন, "আমি আগেই বলেছিলাম দুদলের মধ্যে তীব্র লড়াই হবে। নিজেদের দিনে যারা ভালো খেলবে তারাই জিতবে।" কার্লোস ব্র্যাথওয়েইটের করা ১৯তম ওভারে নাসির হোসেন ও মুশফিকুর রহিম ১৪ রান তুলে জয়ের পথে এগিয়ে দেন বাংলাদেশকে। তবে ওই ওভারটি ফলাফল নির্ধারক ছিল বলে মনে করেন না স্যামি। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক বোলারদের পাশেই দাঁড়াচ্ছেন। তিনি বলেন, "কার্লোস ব্র্যাথওয়েইট, অ্যান্থনি মার্টিন, রবি রামপাল প্রত্যেকেই ভালো বল করেছেন। তাদের ওপর আমার পূর্ণ আস্থা আছে।" "আমাদের ফিল্ডিং ভালো হয়নি। ক্যাচ ফেলেছি। বাজে ফিল্ডিংয়ের কারণে বেশ কিছু রানও দিয়েছি," যোগ করেন তিনি। ১৩২ রান করেই জেতা সম্ভব ছিল বলে মনে করেন স্যামি। তিনি বলেন, "ইংল্যান্ডে আমরা ১২৫ রান করেও জিতেছি। আমি মনে করি এখানেও আমাদের পক্ষে জেতা সম্ভব ছিল। কারণ আমাদের বেশ কয়েকজন ভালো বোলার আছেন।" এই হারের পরও ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভোর মতো তারকাদের অভাব অনুভব করেছেন না স্যামি। তিনি বলেন, "বিশ্বকাপের পর থেকেই আমরা গেইলকে ছাড়া খেলছি। এই সময়ে আমাদের দল যথেষ্ট উন্নতিও করছে।" প্রতিপক্ষ অধিনায়ক মুশফিকুর রহিমের অপরাজিত ৪১ রানের ইনিংস সম্পর্কে স্যামি বলেন, "এক কথায় বলা যায় ম্যাচ জেতানো ইনিংস।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২৩৭ঘ.