ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বশেষ জয়ের নায়ক মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি জিতেছিলো চার বছরেরও বেশি আগে। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে আশরাফুলের ঝড়ো অর্ধশতক জয়ের ভিত গড়ে দিয়েছিলো।
সেই ম্যাচে ২৭ বলে ৬১ রান করেন তিনি। দুর্দান্ত ইনিংসটা সাজানো ছিলো ৭টি চার ও ৩টি ছক্কায়।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের শুরুটা ছিলো দুর্দান্ত। তবে প্রথম চার ম্যাচের তিনটিতে জিতলেও সাফল্যটা আর ধরে রাখা যায়নি।
এখন পর্যন্ত ১৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা বাংলাদেশের জয় মাত্র তিনটি। বাকি ১৩টিতেই হার। এর মধ্যে সর্বশেষ ১২টিতেই হার মানতে হয়েছে।
মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়েই টি-টোয়েন্টিতে ব্যর্থতার জাল ছিন্ন করতে চায় বাংলাদেশ। মুশফিকুর রহিম জানিয়েছেন জয়ের জন্য ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে আছেন তিনি। ব্যাটসম্যানরা লড়াই করার মতো পুঁজি এনে দিতে পারলে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের নতুন অধিনায়ক।
মুশফিকের কথার প্রতিধ্বনি সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের কণ্ঠেও। তিনি জানিয়েছেন, "মিরপুরে ১৫০-১৬০ রানই যথেষ্ট হতে পারে।"
বাংলাদেশ লড়াই করার মতো সংগ্রহ পাবে কিনা তা অনেকটাই নির্ভর করছে দলের মাঝের সারির ব্যাটসম্যানদের ওপরে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বশেষ জয়ের নায়ক আশরাফুলের আবার ওয়েস্ট ইন্ডিজকে সামনে পেয়ে সেই ম্যাচের কথা মনে পড়ারই কথা। মাঝে কিছু দিন রানের দেখা না পেলেও এখন নিজেকে অনেকটাই ফিরে পেয়েছেন তিনি।
নিজের ব্যাটিং সম্পর্কে আশরাফুল বলেন, "এখন রানের মধ্যেই আছি। চার দিনের ম্যাচ ছাড়া আর সব ম্যাচেই মোটামুটি রান পেয়েছি।"
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করছেন আশরাফুল। তিনি বলেন, "জিম্বাবুয়ে থেকে ফেরার পর থেকেই কঠোর অনুশীলন করছি। অনেকগুলো প্রস্তুতি ম্যাচ খেলেছি।"
আবারও আশরাফুলের হাত ধরেই কি আসবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বহু প্রতীক্ষিত জয়?
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২২২৮ঘ
bdnews24