ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানে একটি ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট লিগ আয়োজনের উদ্দেশে পিসিবি চেয়ারম্যান ইজাজ বাটের সঙ্গে দেখা করেছিলেন ক্রিকেটারদের এজেন্ট মাজহার মাজিদ।
সোমবার স্পট ফিক্সিং কেলেঙ্কারি উদঘাটনে বড় ভূমিকা রাখা সাংবাদিক মাজহার মাহমুদ লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালতে এ সাক্ষ্য দেন। মাজিদের সঙ্গে কথোপকথন গোপনে রেকর্ড করেছিলেন মাহমুদ। সেই রেকর্ডও আদালতে শোনান তিনি।
নিরাপত্তার কারণে মাহমুদ পর্দা আড়ালে দাঁড়িয়ে সাক্ষ্য দেন। শুধুমাত্র বিচারক, জুরি সদস্য আর বিচারকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরাই মাহমুদকে দেখতে পান।
মাহমুদ আদালতকে জানান, মাজিদ তাকে মুগ্ধ করার জন্য নানা গল্প ফেঁদেছিলেন। মাজিদ দাবী করেছিলেন মার্কিন অভিনেতা ব্র্যাড পিট ও সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরারের সঙ্গে তার সুসম্পর্ক। তার বন্ধুর তালিকায় আছেন মাইক গ্যাটিং, ফিল টাফনেল, জিওফ বয়কট, ইমরান খান ও আইপিএলের সাবেক কমিশনার ললিত মোদী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১৩৬ঘ.
bdnews24