২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টি-টোয়েন্টিতে জয়ের সন্ধানে বাংলাদেশ

চার বছরেরও বেশি সময় টি-টোয়েন্টিতে জয়ের দেখা নেই। ২০ ওভারের ক্রিকেটে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার লক্ষ্যে মঙ্গলবার নতুন অধিনায়ক মুশফিক রহিমের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল পাঁচটায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

অনীক মিশকাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, ক্রীড়া প্রতিবেদক ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চার বছরেরও বেশি সময় টি-টোয়েন্টিতে জয়ের দেখা নেই। ২০ ওভারের ক্রিকেটে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসার লক্ষ্যে মঙ্গলবার নতুন অধিনায়ক মুশফিক রহিমের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল পাঁচটায়। ওয়ানডেতে বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য থাকলেও টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যর্থতা অবাক করার মতো। সর্বশেষ জয় ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর এই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে। তার পর থেকে টানা ১২ ম্যাচে শুধুই হার। হারতে-হারতে ক্লান্ত বাংলাদেশ এখন জয়ের জন্য মরিয়া। তবে চাইলেই তো হবে না। জিততে হলে মাঠে নেমে ভালো খেলতেও হবে। দুটি প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জিতে ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে, সব ম্যাচ জিততেই এসেছে তারা। বাংলাদেশে এসে এখনো পর্যন্ত অতিথিদের উদ্বোধনী ব্যাটসম্যানরা জ্বলে উঠতে পারেননি। কিন্তু মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো এরই মধ্যে বড় ইনিংস খেলার ইঙ্গিত দিয়েছেন। স্যামুয়েলস তো প্রস্তুতি টি-টোয়েন্টি ম্যাচে শতকও করেছেন। উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ রামদিন ত্রিনিদাদ ও টোবোগোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলে বাংলাদেশে এসেছেন। ঘরোয়া ক্রিকেট ভালো খেলেই জাতীয় দলে ফিরেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি ও আন্দ্রে রাসেল দলের ব্যাটিং ও বোলিং গভীরতা বাড়িয়ে দিয়েছেন অনেকখানি। প্রস্তুতি টি-টোয়েন্টি ম্যাচে অর্ধশতক করা রাসেলের দিকে চোখ রাখতেই হবে বাংলাদেশকে। তবে ওয়েস্ট ইন্ডিজের প্রধান শক্তি পেস আক্রমণ। স্যামির দলে আছেন রবি রামপাল ও কেমার রোচের মতো দুজন ভালো মানের পেসার। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে রামপাল পেয়েছেন সবচেয়ে বেশি উইকেট। দেবেন্দ্র বিশু আর অ্যান্থনি মার্টিনের মতো দুজন বেশ ভালো স্পিনারও আছে সফরকারীদের। বাংলাদেশে আসার ঠিক আগে ইংল্যান্ডে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। তার মধ্যে একটিতে জয় পেয়েছে স্যামির দল। অন্যদিকে এ বছর এটাই বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি। বাংলাদেশ সর্বশেষ টি- টোয়েন্টি খেলেছিলো গত বছরের ৫ মে। ২০০৬ সালে টি-টোয়েন্টিতে অভিষেকের পর মঙ্গলবারের আগ পর্যন্ত মাত্র ১৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এবং ঘরের মাঠে এটি তাদের মাত্র দ্বিতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি। তবে অভিজ্ঞতার ঘাটতিকে স্বাগতিক হওয়ার সুবিধা দিয়ে পূরণ করতে চাইছে বাংলাদেশ। মুশফিকের দল তাকিয়ে আছে দুই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ও ইমরুল কায়েসের দিকে। দুজনের কাছেই দুর্দান্ত সূচনার প্রত্যাশা দলের। তামিম-ইমরুলের পর ব্যাট হাতে নামবেন মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, মুশফিকরা। নিজেদের দিনে তারা যে কোনো বোলিং আক্রমণ গুঁড়িয়ে দিতে সক্ষম। মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেনদের ব্যাটিংয়ের হাতও ভালো। মিরপুরে বাংলাদেশের বেশ কিছু স্মরণীয় জয়ের নায়ক বোলাররা। বিশেষ করে বাঁহাতি স্পিনাররা। এবারও তাদের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। এবার অবশ্য মুশফিকের হাতে অনেক বিকল্প আছে। দুই বাঁহাতি সাকিব, আব্দুর রাজ্জাকের পাশাপাশি অলক কাপালী, আশরাফুল, মাহমুদুল্লাহ, নাসিরদের স্পিনও বিপদে ফেলতে পারে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের। সে তুলনায় পেস আক্রমণে বাংলাদেশ বেশ দুর্বল। তবে শফিউল ইসলাম, রুবেল হোসেনরা শুরুতে উইকেট এনে দিতে পারলে ওয়েস্ট ইন্ডিজ চাপের মধ্যে পড়তে পারে। অধিনায়ক মুশফিকেরও সেটাই লক্ষ্য। তিনি চান পেসাররা শুরুতে উইকেট তুলে নিয়ে স্পিনারদের চেপে ধরার সুযোগ করে দিক। সব মিলিয়ে কাগজে-কলমে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে থাকলেও স্বাগতিক হওয়ার সুবাদে বাংলাদেশ বাড়তি সুবিধা পাবেই। গ্যালারি ভরা দর্শকের অকুণ্ঠ সমর্থন বাংলাদেশের বড় প্রাপ্তি। এটাও মাথায় রাখতে হবে স্যামিদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১০৪ঘ.