২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষই মানছেন স্যামি

দেশের মাটিতে বাংলাদেশকে শক্তিশালী দল হিসেবে উল্লেখ করে আসন্ন লড়াই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দেশের মাটিতে বাংলাদেশকে শক্তিশালী দল হিসেবে উল্লেখ করে আসন্ন লড়াই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি। সোমবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে স্যামি বলেন, "বাংলাদেশকে হালকাভাবে নেয়া যাবে না। ওদের দলে বেশ কয়েক জন অভিজ্ঞ ক্রিকেটার আছেন।" "হতে পারে বাংলাদেশ প্রায় দেড় বছর পর টি-টোয়েন্টি খেলতে যাচ্ছে। কিন্তু তাদের দলে সাকিব আল হাসানের মতো অভিজ্ঞ ও আত্মবিশ্বাসী ক্রিকেটার আছেন। সাকিব সদ্য চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি খেলে ভারত থেকে ফিরেছেন। অভিজ্ঞতাটা তিনি সতীর্থদের সঙ্গে ভাগ করে তাদের অনুপ্রাণিত করতে পারবেন," যোগ করেন তিনি। বাংলাদেশের স্পিন আক্রমণের প্রশংসা করে স্যামি বলেন, "বাংলাদেশের স্পিন বিভাগ বেশ শক্তিশালী। ঘরের মাঠে উইকেট থেকে তারা বেশ সহায়তাও পেয়ে থাকেন। ওয়েস্ট ইন্ডিজ দলে পেসারদের যে ভূমিকা বাংলাদেশ দলে স্পিনারদেরও ঠিক সেই ভূমিকা।" বাংলাদেশের প্রশংসা করলেও নিজেদেরও পিছিয়ে রাখতে রাজি নন ক্যারিবীয় অধিনায়ক। তিনি বলেন, "এই সফর উপলক্ষ্যে আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আমরা বার্বাডোজে দুই সপ্তাহের ক্যাম্প করেছি। ইংল্যান্ডে দুটো টি-টোয়েন্টি খেলেছি। এরপর দুবাইয়ের প্রচণ্ড গরমে কঠোর অনুশীলনও করেছি।" এবারের বাংলাদেশ সফরকে উন্নতির পথে একটি পদক্ষেপ হিসেবেই দেখছেন স্যামি। তিনি বলেন, "প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। আমরা নিজেদের সেরা পাঁচ দলের মধ্যে দেখতে চাই। তাই প্রত্যেক সিরিজ নিয়ে আমাদের ভিন্ন-ভিন্ন পরিকল্পনা।" দলের উন্নতির ধারাবাহিকতা নিয়েও সন্তুষ্ট তিনি। স্যামি বলেন, "আমরা ধীরে-ধীরে উন্নতি করছি এবং এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষেও আমরা একটি টি-টোয়েন্টি জিতে এসেছি। আমরা এখন একটি দল হিসেবে খেলছি।" বিস্ফোরক উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইলের অভাব এই মুহূর্তে অনুভব করছেন না স্যামি। তবে দলে ফিরলে তাকে সাদরে বরণ করে নেয়া হবে বলে জানান তিনি। ওয়েস্ট ইন্ডিজ দলে সব সময় ভালো মানের অলরাউন্ডার ছিলো বলে মনে করেন স্যামি। এ প্রসঙ্গে তিনি বলেন, "বর্তমান দলেও বেশ কয়েকজন ভালো অলরাউন্ডার আছেন। আমাদের দলে ওপরের সারির কয়েক জন ব্যাটসম্যান ভালো বল করতে সক্ষম। তাই আমাদের ব্যাটিং ও বোলিং দুই বিভাগই বেশ শক্তিশালী।" বাংলাদেশে এর আগেও এসেছেন স্যামি। এখানে খেলার অতীত-অভিজ্ঞতা থেকে তিনি বলেন, "এখানকার উইকেট থেকে স্পিনাররা অনেক সুবিধা পান। তবে ঠিক জায়গায় বল ফেলতে পারলে পেসাররাও সুবিধা পাবেন।" গত মার্চে বিশ্বকাপে বাংলাদেশকে ৫৮ রানে গুটিয়ে দিয়েছিলো ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরের ঐ ম্যাচের প্রসঙ্গ টেনে ওয়েস্ট ইন্ডিজ বলেন, "ঐ ম্যাচে কিন্তু আমাদের পেসাররা ৭ উইকেট নিয়েছিলেন।" "বাংলাদেশে এসে ঠিক কী ধরনের পরিস্থিতিতে পড়তে হতে পারে তা আমাদের ভালোই জানা। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়ে বাংলাদেশে এসেছি। এখানে দুটি প্রস্তুতি ম্যাচেই জিতেছি। এখন আসল লড়াইয়েও ভালো করতে হবে" যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৩২ঘ.