২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাঙ্গালোরকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা মুম্বাইয়ের

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৩১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির শিরোপা ঘরে তুলেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 05:56 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৩১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির শিরোপা ঘরে তুলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে রোববার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে টসে জিতে ব্যাট করতে নেমে শেষ বলে অলআউট হওয়ার আগে মুম্বাই করে ১৩৯ রান। জবাবে ১৯ ওভার ২ বলে ১০৮ রানে গুটিয়ে যায় ব্যাঙ্গালোর। লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাঙ্গালোরকে উড়ন্ত সূচনা এনে দেন তিলকারতেœ দিলশান (২৭)। দলীয় ৩৮ রানে তার বিদায়ের পর পথ হারায় ব্যাঙ্গালোর। শুরু থেকেই নড়বড়ে ক্রিস গেইলের (৫) বিদায় দলের ওপর চাপ আরো বাড়ায়। তৃতীয় উইকেটে বিরাট কোহলি ও মায়াঙ্ক আগারওয়াল খেলছিলেন দেখেশুনে। কিন্তু ৬৭ রানে আগারওয়াল (১৪) ও ৭৩ রানে কোহলি (১১) বিদায় নিলে আবারো দিক হারায় ব্যাঙ্গালোর। দলীয় ৭৪ রানে অরুণ কার্তিকের (০) বিদায় দলকে আরো বিপদে ফেলে। দ্রুত বিদায় নেন মোহাম্মদ কাইফ (৩) ও অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি (১)। এরপর সৌরভ তিওয়ারী (১৭) পরাজয়ের ব্যবধান কমিয়েছেন কেবল। মুম্বাইয়ের পক্ষে অধিনায়ক হরভজন সিং ৩ উইকেট নেন ২০ রানে। এর আগে শুরুটা মোটেও ভালো হয়নি মুম্বাইয়ের। ২৪ রানের মধ্যে সাজঘরে ফিরে আসেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান এইডেন ব্লিজার্ড (৩) ও সারুল কানওয়ার (১৩)। তৃতীয় উইকেটে ৪১ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন অম্বতি রাইডু ও জেমস ফ্রাঙ্কলিন। দলীয় ৬৫ রানে রাইডু (২২) বিদায় নিলেও অবিচল ছিলেন ফ্রাঙ্কলিন। চতুর্থ উইকেটে সুর্যকুমার যাদবের সঙ্গে যোগ করেন আরো ৪০ রান। তাদের এই জুটির কারণে বেশ ভালো অবস্থানে চলে আসে মুম্বাই। কিন্তু ১০৫ রানে যাদব (২৪) ও ১০৮ রানে ফ্রাঙ্কলিন (৪১) রানআউট হয়ে বিদায় নিলে পথ হারায় মুম্বাই। ফ্রাঙ্কলিন তার ২৯ বলের ইনিংসটি সাজান ২টি চার ও ২টি ছয় দিয়ে। এক রান পর জোড়া আঘাতে তিন বলের মধ্যে কিয়েরন পোলার্ড (২) ও হরভজনক (০) ফিরিয়ে দিয়ে ব্যাঙ্গালোরকে খেলায় ফেরান ভেট্টোরি। অষ্টম উইকেটে ছোট কিন্তু ২৬ রানের কার্যকরী জুটি গড়ে দলকে লড়াই করার পুঁজি এনে দেন রাজাগোপাল সতীশ (৯) ও লাসিথ মালিঙ্গা (১৬)। দলীয় ১৩৫ রানে পরপর দুই বলে সতীশ ও মালিঙ্গা বিদায় নিলে সংগ্রহ আরো বড় করার সুযোগ হারায় মুম্বাই। ব্যাঙ্গালোরের পক্ষে রাজু ভাটকাল ৩ উইকেট নেন ২১ রানে। ভেট্টোরি ৩০ রানে নেন ২ উইকেট। ৬ খেলায় ১২.৫০ গড়ে ১২ উইকেট নিয়ে সেরা উইকেট শিকারী ত্রিনিদাদ ও টোবাগোর রবি রামপল। সেরা ৪/১৪। ৫ খেলায় ২ শতকসহ ১০৯.৩৩ গড়ে ৩২৮ রান করে সেরা রান সংগ্রাহক নিউ সাউথ ওয়েলসের ডেভিড ওয়ার্নার। সর্বোচ্চ হার না মানা ১৩৫। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৫৭ ঘ.