ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতীয়রা প্রকৃতিগতভাবে ফাস্ট বোলার নন। বরং জহির খানের বিশ্বাস তাদের কঠোর পরিশ্রম করে নিজেদের প্রস্তুত করতে হয়। সেজন্য ভারতের প্রতিশ্র"তিশীল ফাস্ট বোলারদের কাউন্টি ক্রিকেটে খেলার পরামর্শ দিয়েছেন জহির খান।
ভারতের 'টাইমস অফ ইন্ডিয়া' পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে জহির বলেন, "এটা প্রকৃতিগত কোনো বিষয় নয়। ভারতীয়দের শারীরিক গঠন ফাস্ট বোলার হওয়ার উপযুক্ত নয়। নিজেকে প্রস্তুত করতে ফাস্ট বোলারদের প্রচুর পরিশ্রম করতে হয়।"
ভারতের একজন পেসার ঘরোয়া ক্রিকেটে যে গতিতে বল করেন প্রায়ই আন্তর্জাতিক ক্রিকেটে তিনি সেই গতি ধরে রাখতে না পারেন না। এর কারণ সম্পর্কে জহির বলেন, "আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টাই এর কারণ। ঘরোয়া ক্রিকেটে আপনি যা করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে সব সময় তা করতে পারবেন না।"
"নিজের বোলিংয়ের ধরণ সম্পর্কে অবশ্যই আপনার পরিষ্কার ধারণা থাকতে হবে আর নিজের সুস্থতা নিয়েও অনেক পরিশ্রম করতে হবে। তবে শেষ কথা হলো উইকেট পেতে হবে। আমিও আমার গতি কমিয়েছি। আসল কথা হলো আন্তর্জাতিক ক্রিকেটে কী আপনার কাজে আসবে তা জানা এবং সেই অনুযায়ী অনুশীলন করা, " যোগ করেন জহির।
ইংল্যান্ডের কাউন্টি দল ওরস্টারশায়ারের হয়ে ২০০৬ মৌসুমে বেশ সফল ছিলেন জহির। ওই অভিজ্ঞতা তাকে জাতীয় দলে ফিরতেও সাহায্য করেছিল।
জহিরের ধারণা বেশি-বেশি ম্যাচ খেলেই একজন ফাস্ট বোলারের পক্ষে নিজের নৈপুণ্য বাড়ানো সম্ভব। ভারতের এই বাঁহাতি পেসার বলেন, "অভিজ্ঞতা সবার জন্যই খুব মূল্যবান আর ম্যাচ খেলেই তা অর্জন করা সম্ভব। নেটে আপনার কঠোর পরিশ্রম অনেক সময় মূল্যহীন হয়ে পড়তে পারে। কারণ ম্যাচের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ব্যাপারে।"
ভারতের পেসারদের কাউন্টিতে খেলা প্রসঙ্গে তিনি বলেন, "কাউন্টি ক্রিকেট যখন শুরু হয় তখন ভারতের ঘরোয়া ক্রিকেট শেষ হয়ে যায়। তাই তরুণ পেসারদের কাউন্টিতে খেলার পরামর্শ দিয়েছি। তবে যেখানেই হোক, আপনাকে প্রচুর ম্যাচ খেলতেই হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১১৬ঘ.
bdnews24