২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্যামুয়েলস-ঝড়ে বিধ্বস্ত বিসিবি একাদশ

মারলন স্যামুয়েলসের ঝড়ো শতকে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে সহজেই ৭৫ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 12:58 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মারলন স্যামুয়েলসের ঝড়ো শতকে টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশকে সহজেই ৭৫ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রোববার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে স্যামুয়েলসের অপরাজিত শতক ও আন্দ্রে রাসেলের অর্ধশতকের সুবাদে ৩ উইকেটে ১৯৫ রানের বড় সংগ্রহ গড়ে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৬ উইকেটে ১২০ রানে থেমে যায় বিসিবি একাদশের ইনিংস। এই ম্যাচে কেমার রোচ ও দেবেন্দ্র বিশু খেললেও রবি রামপাল ও অ্যান্থনি মার্টিনকে বিশ্রাম দেয় সফরকারীরা। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৪ রানের মধ্যে ফিরে আসেন বিসিবি একাদশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিক (১০) ও জহুরুল ইসলাম (১) । অধিনায়ক শাহরিয়ার নাফীস (২৯) ও রকিবুল হাসান (২২) সম্ভাবনা জাগিয়েও বেশি দূর পারেননি। শুভাগত হোম চৌধুরী (১১) আর নাদীফ চৌধুরীও পারেননি দলের প্রত্যাশা মেটাতে। দুজনই আউট হন ১১ রান করে এবং দুজনই স্যামুয়েলসের বলে বোল্ড। মুমিনুল হক ১৭ ও মিথুন আলী ১১ রানে অপরাজিত থেকে শুধু হারের ব্যবধানই কমাতে পারেন। স্যামুয়েলস ও অধিনায়ক ড্যারেন স্যামি নেন দুটি করে উইকেট। স্যামুয়েলস দেন ১৮ রান। স্যামি ২৩। বোলিংয়ের মতো ব্যাটিংয়েও ঔজ্জ্বল্য ছড়িয়েছেন স্যামুয়েলস। টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের শুরুটা মোটেই ভালো হয়নি। দলীয় ৭ রানেই ফরহাদ রেজার বলে জুনায়েদকে ক্যাচ দেন অ্যাড্রিয়ান বারাথ (৪)। কিন্তু স্যামুয়েলসের আক্রমণাত্মক ব্যাটিং উল্টো স্বাগতিকদেরই ফেলে দেয় চাপের মধ্যে। মাত্র ৫৬ বলে ১৫টি বাউন্ডারি ও ৪টি বিশাল ছক্কায় ১০২ রান করে অপরাজিত থাকেন স্যামুয়েলস। রাসেলও কম যাননি। ৩৫ বলে ৩টি করে চার ও ছক্কায় ৫৮ রান করে ফরহাদের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। তৃতীয় উইকেটে স্যামুয়েলস ও রাসেলের ১০২ রানের জুটিই অতিথিদের বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ফরহাদের ২ উইকেটের পেছনে খরচ ৩৭ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৫৩ঘ.