ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ সফরে যে কোনো পরিস্থিতির জন্য ওয়েস্ট ইন্ডিজ প্রস্তুত বলে মনে করছেন দলের উদ্বোধনী ব্যাটসম্যান অ্যাড্রিয়ান বারাথ।
জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে শনিবার অনুশীলন শেষে সংবাদ সম্মেলন কক্ষে তিনি বলেন, "বাংলাদেশের পিচ বেশ মন্থর। এখানকার আবহাওয়াও বেশ উষ্ণ। তবে সব কিছুর জন্যই আমরা প্রস্তুত।"
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭টি টেস্ট ও ৯টি ওয়ানডে ম্যাচ খেলা বারাথ বলেন, "উপমহাদেশে খেলার ব্যাপারে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ। আমরা পুরোপুরি প্রস্তুতি হয়েই এসেছি। দল খেলার মধ্যেই ছিল, তারপরও ভালো প্রস্তুতির জন্য আমরা দুবাই সফর করে এসেছি।"
বাংলাদেশের বিপক্ষে সিরিজকে হাল্কাভাবে নিতে নারাজ বারাথ বলেন, "এটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সিরিজ। বাংলাদেশের মাটিতে তাদের বিপক্ষে খেলা সহজ নয়।"
বাংলাদেশে বোলিং আক্রমণ নিয়ে কোনো ধারণা আছে কী না জানতে চাওয়া হলে তিনি বলেন, "জাতীয় দলের বিপক্ষে এখনো খেলা হয়নি। তবে ২০০৮ সালের প্রথম দিকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ প্রস্তুতির জন্য সপ্তাহ খানেকের সফরে বাংলাদেশে এসেছিলাম। সেই সময় এ দেশের অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে তিনটি ম্যাচও খেলেছিলাম।"
ওই তিন ম্যাচে সাকুল্যে ৪৫ (৪, ২৬ ও ১৫) রান করেন বারাথ। সে সময় নাসির হোসেন, রুবেল হোসেন ও সোহওয়ার্দী শুভর বিপক্ষে খেলেছিলেন তিনি। সেবার ভালো না করলেও ওই অভিজ্ঞতা এবার তার বেশ কাজে লাগবে বলে মনে করছেন বারাথ।
তবে বাংলাদেশের কোনো বোলারকে নিয়ে আলাদাভাবে ভাবছেন না তারা। তিনি বলেন, "বাংলাদেশের সব বোলারই বিপদজনক। তারা প্রত্যেকে অভিজ্ঞ।"
তবে সিরিজে সব মিলিয়ে নিজেদেরকেই এগিয়ে রাখলেন বারাথ। তিনি বলেন, "এখানে এসে আমরা একাডেমিতে অনুশীলন করেছি। প্রথম প্রস্তুতি ম্যাচে জিতেছি। সব মিলিয়ে সিরিজে ভালো করবো বলে আশা করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮৫১ ঘ.
bdnews24