২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-ইংল্যান্ড সিরিজে ডিআরএস থাকছে না

ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজে আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহার করা হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2011, 08:18 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজে আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহার করা হবে না। পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম খেলা হবে ১৪ অক্টোবর হায়দরাবাদে। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টি খেলায় ডিআরএস ব্যবহার না করার কথা নিশ্চিত করেছে শুক্রবার। তবে এর কোনো ব্যাখ্যা বোর্ড দেয়নি। বরং ব্যাখ্যা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারা বলেছে, 'হট স্পট' প্রযুক্তির সরবরাহকারীরা তাদের ইনফ্রা-রেড ক্যামেরা কাজে না লাগানোর সিদ্ধান্ত নিয়েছে বলে ডিআরএস ব্যবহার করা হচ্ছে না। সদ্য সমাপ্ত ইংল্যান্ড সফরে 'বল ট্র্যাকিং' পদ্ধতি ছাড়া ডিআরএস ব্যবহারে রাজি হয় বিসিসিআই। সিরিজে 'হট স্পট' প্রযুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে। "হট স্পট প্রযুক্তি কতটা নিখুঁত তার নিয়ে আলোচনা করার প্রয়োজন আমার নেই। কিন্তু ইংল্যান্ডে যা ঘটেছে তা সবাই দেখেছেন। আইসিসি'র পরবর্তী সভায় বিষয়টি তোলা হবে," বলেন বিসিসিআই'র সভাপতি এন শ্রীনিভাসন। বোর্ডের বার্ষিক সাধারণ সভা শেষে তিনি বলেন, "হট স্পট প্রযুক্তি অপর্যাপ্ত বলে ডিআরএস নিয়ে আমরা আমাদের অবস্থানের কথা নতুন করে ভেবে দেখতে চাই।" বর্তমান অবস্থায় ভারত ডিআরএস ব্যবহার করতে রাজি নয় বলে তিনি সাফ জানিয়ে দেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪০৭ ঘ.