ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার সাবেক পেসার শেন জুরগেনসেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন।
২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছিলেন তিনি।
৯ অক্টোবর জুরগেনসেনের বাংলাদেশে আসার কথা। ২০১৩ সালের জুন পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির প্রধান নির্বাহী মনজুর আহমেদ বলেন, "জুরগেনসেন একজন অভিজ্ঞ বোলিং বিশেষজ্ঞ। তার ক্রিকেট-জীবনও সমৃদ্ধ। তার আগমন আমাদের ক্রিকেটারদের জন্য দারুণ গুরুত্ববহ হবে।"
ডানহাতি পেসার জুরগেনসেন অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে কুইন্সল্যান্ড, তাসমানিয়া ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন। ২০০২ সালের মার্চে প্রথম বোলার হিসেবে অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণীর প্রতিযোগিতা শেফিল্ড শিল্ডের ফাইনালে ১০ উইকেট নেয়ার কৃতিত্ব তার।
২০০১-০২ মৌসুমে তাসমানিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছিলেন জুরগেনসেন।
অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৭ ও ১৯ দলের হয়ে খেলার অভিজ্ঞতাও আছে তার। মাত্র ২১ বছর বয়সে অস্ট্রেলিয়ার হোরশাম ক্রিকেট ক্লাবের কোচ হয়েছিলেন তিনি। তার পর থেকে খেলার পাশাপাশি কোচিংয়ের সঙ্গেও জড়িয়ে যান জুরগেনসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১২৮ঘ.
bdnews24