ঢাকা, অক্টোবর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬৫ রানে হার মেনেছে বিসিবি একাদশ।
ফতুল¬ার খান সাহেব উসমান আলী স্টেডিয়ামে শুক্রবার ৪৫ ওভারের প্রস্তুতি খেলায় প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২১৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৪১ ওভারে ১৫২ রানে গুটিয়ে যায় বিসিবি একাদশ।
কেমার রোচ ও দেবেন্দ্র বিশু বিহীন ওয়েস্ট ইন্ডিজের খর্ব শক্তির বোলিং আক্রমণের বিপক্ষে শুরু থেকেই ভুগতে হয়েছে বিসিবি একাদশের ব্যাটসম্যানদের।
উদ্বোধনী ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিক রানের খাতা খোলার আগেই বিদায় নিলে শুরুতেই হোঁচট খায় স্বাগতিকরা। দলের রান তখন ২।
নেমেই প্রথম চার বলে তিন চার হাঁকিয়ে মোহাম্মদ আশরাফুল বুঝিয়ে দেন এই উইকেটে আসলে বোলারদের জন্য তেমন কিছু নেই। কিন্তু অন্য প্রান্তে অধিনায়ক শাহরিয়ার নাফীস নিজেকে গুটিয়ে রাখেন। দ্বিতীয় উইকেট জুটিতে আশরাফুল ও নাফীস যোগ করেন ৪৩ রান। ভালো খেলতে খেলতে আশরাফুল অফস্ট্যাম্পের বাইরের একটি বল তাড়া করতে গিয়ে দিনেশ রামদিনের হাতে ধরা পড়েন।
৭ রান পর নাফীস (১৬) তাকে অনুসরণ করলে বড়সড় একটা ধাক্কা খায় বাংলাদেশ।
চতুর্থ উইকেট জুটিতে অলক কাপালী ও শুভাগত হোম চৌধুরী ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। কিন্তু পুল করতে গিয়ে শুভ (১০) ক্যাচ দিয়ে বিদায় নিলে একা হয়ে পড়েন অলক।
পঞ্চম উইকেট জুটিতে অলক ও নাঈম ইসলাম ছোট আরেকটি জুটি গড়ে তুলেন। কিন্তু অলক (৪১) ও নাঈম (১২) বিদায় নিলে পথ হারিয়ে ফেলে বাংলাদেশ।
১১৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশের বিপদ আরো বাড়িয়ে দেন মারলন স্যামুয়েলস। পরপর ফিরিয়ে দেন তিনি আলাউদ্দিন বাবু (৪) ও সগির হোসেনকে (০)। শুরু করেও নিজের ইনিংস বড় করতে পারেননি নাসির হোসেন (২১)।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে রবি রামপল ৪ উইকেট নেন ২৩ রানে।
টস জিতে নাফীস ব্যাটিংয়ে পাঠান ওয়েস্ট ইন্ডিজকে। রবিউল ইসলাম ও আলাউদ্দিন বাবুর আটোসাঁটো বোলিংয়ের মুখে শুরু থেকেই রানের জন্য লড়াই করতে হয় তাদের।
দলীয় ১৫ রানের মাথায় রবিউলের বলে নাসিরের হাতে ধরা পড়ে বিদায় নেন উদ্বোধনী ব্যাটসম্যান লেল্ডল সিমন্স (৪)।
দ্বিতীয় উইকেট জুটিতে অপর উদ্বোধনী ব্যাটসম্যান কিয়েরন পাওয়েল ও ড্যারেন ব্রাভো দলের সঙ্গে যোগ করেন ৩০ রান। ১৮ রান করে বিদায় নেন পাওয়েল। তিনি জীবন পান দু'বার। তার ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন সোহাগ ও নাসির।
৪৫ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যান ফিরে যাওয়ায় ছোট একটা ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। এ অবস্থায় হাল ধরেন ব্রাভো ও মারলন স্যামুয়েলস। দেখেশুনে খেলে তৃতীয় উইকেট জুটিতে ৫৯ রান তুলে এই ধাক্কা সামাল দেন তারা।
দলীয় ১০৪ রানের মাথায় অলক কাপালীর বল তুলে মারতে গিয়ে ব্রাভো (৪৭) বিদায় নেন। তিনি তার ৭৬ বলের ইনিংসটি সাজান ৫টি চার ও ১টি ছয় দিয়ে।
উইকেটের সঙ্গে মানিয়ে নিয়েও নিজের ইনিংস বড় করতে পারেননি স্যামুয়েলস (৩০)। ১১৯ রানের মাথায় চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরেন তিনি।
৯ রান পর ডেনজা হায়াট (১৪) তাকে অনুসরণ করলে আবারো পথ হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ।
ষষ্ঠ উইকেট জুটিতে অধিনায়ক ড্যারেন সামি ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান দিনেশ রামদিন ৫৭ রান তুলে দলকে আবারো পথে ফেরান। সোহাগের বল উইকেট থেকে বেরিয়ে এসে মারতে গিয়ে সামি (২৭) স্ট্যাস্পড হলে খেলার চিত্র আবারো পাল্টে যায়।
৪২তম ওভারে সপ্তম বোলার হিসেবে বল করতে এসেই আশরাফুল বড়সড় আঘাত হানেন ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে। সাজঘরের পথ দেখিয়ে দেন রামদিন (৩০) ও কার্লোস বার্থওয়াইটকে (২)। রামদিন শুভাগত হোম চৌধুরীর হাতে ধরা পড়েন। আর স্ট্যাম্পড হন বার্থওয়াইট।
এর আগে ২১তম ওভারে সোহাগের বলে সগির হোসেন চোট পেয়ে মাঠ ছাড়লে উইকেটের পেছনে দাঁড়াতে হয় নাঈমকে।
পরের ওভারে আবারো আঘাত হানেন আশরাফুল। এবার ফিরিয়ে দেন আন্দ্রে রাসেলকে (৮)। শেষ পর্যন্ত রবি রামপল ১৫ ও অ্যান্টনি মার্টিন ১ রানে অপরাজিত ছিলেন।
বিসিবি একাদশের পক্ষে আশরাফুল ৩ উইকেট নেন ৯ রানে। অলক ৩১ রানে নেন ২ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬১৭ ঘ.
bdnews24