২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিলির জন্য শোকগাথা

গ্রাহাম ডিলির অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ ইংল্যান্ডের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। বুধবার মাত্র ৫২ বছর বয়সে মারা যান ইংল্যান্ডের সাবেক পেসার ডিলি। তিনি ক্যান্সারে ভুগছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 03:38 PM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রাহাম ডিলির অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ ইংল্যান্ডের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। বুধবার মাত্র ৫২ বছর বয়সে মারা যান ইংল্যান্ডের সাবেক পেসার ডিলি। তিনি ক্যান্সারে ভুগছিলেন। ১৯৭৭ সালে ১৮ বছর বয়সে কেন্টের হয়ে ক্রিকেট জীবন শুরু হয়েছিলো তার। দু বছর পরে ডাক পান জাতীয় দলে। ১০ বছরের আন্তর্জাতিক ক্রিকেট জীবনে টেস্ট সাফল্য বলতে মাত্র দুটো জয়। তবে দুটো জয়েই গুরুত্বপূর্ণ অবদান ছিলো ডিলির। ১৯৮১ সালে হেডিংলিতে অ্যাশেজের তৃতীয় টেস্টে ইয়ান বোথামের সঙ্গে ১১৭ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে নাটকীয় জয় এনে দিয়েছিলেন ডিলি। তার ব্যাট থেকে এসেছিলো ৫৬ রান। স্বাভাবিকভাবেই ডিলির মৃত্যুতে শোকাচ্ছন্ন সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার বোথাম। সাবেক সতীর্থ সম্পর্কে তিনি বলেন, "তার সাথে আমার অনেক স্মৃতি আছে। নিঃসন্দেহে একজন দারুন ক্রিকেটার ছিলেন তিনি। কিছুটা অন্তর্মুখী হলেও তার রসবোধ ছিলো প্রবল। তার সঙ্গ খুবই ভালো লাগতো।" ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) ব্যবস্থাপনা পরিচালক হিউ মরিস বলেন, "ক্রিকেটের সঙ্গে জড়িয়ে থাকা গ্রাহামের সতীর্থ এবং বন্ধুদের জন্য এটি সত্যি দুঃখজনক খবর। ইংল্যান্ড এবং সারা বিশ্বের জন্যও দুঃসংবাদ।" কেভিন পিটারসেন এখন একদিনের সিরিজ খেলতে ভারতে। সেখান থেকে টুইটারে তিনি লেখেন, "গ্রাহাম একজন দারুণ মানুষ ছিলেন। তার মুখে সব সময় হাসি দেখেছি। ক্রিকেট নিয়ে নিজের জ্ঞান সবার মধ্যে ছড়িয়ে দিতেন তিনি। খুবই দুঃখজনক একটি দিন।" ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন বলেন, "সত্যি দুঃখজনক। তার আত্মার শান্তি কামনা করছি।" ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডও ডিলির অকাল মৃত্যুতে মর্মাহত। তিনি বলেন, "গ্রাহাম ডিলির খবরটা শুনে খুব খারাপ লাগলো। মানুষ এবং পেসার হিসেবে তিনি ছিলেন দুর্দান্ত। ৫২ বছর আসলে খুবই অল্প বয়স।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এএআর/২১০৫ঘ.