২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জায়গা পাকা করতে চান রামদিন

ঘরোয়া ক্রিকেটে রান করে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন দিনেশ রামদিন। এবার ভালো খেলে জায়গা পাকা করতে চান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 10:25 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঘরোয়া ক্রিকেটে রান করে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন দিনেশ রামদিন। এবার ভালো খেলে জায়গা পাকা করতে চান তিনি। জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ দলের অনুশীলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রামদিন বলেন, "ওয়েস্ট ইন্ডিজ দলে সুযোগ পাওয়া সহজ নয়। রীতিমতো লড়াই করে জায়গা পেতে হয়।" কার্লটন বগ থাকায় সেরা একাদশে রামদিনের জায়গা পাওয়া নিয়ে একটু সংশয় রয়েছে। তিনি অবশ্য ব্যাপারটা ছেড়ে দিয়েছেন 'টিম ম্যানেজমেন্ট'র হাতে। তবে সুযোগ পেলে যে তা কাজে লাগাতে ভুল করবেন না, সে কথাও তিনি জানিয়ে দিয়েছেন। ভারতে ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলে বুধবার বাংলাদেশে এসেছেন। এছাড়া ২০০৪ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক হিসেবে বাংলাদেশে এসেছিলেন তিনি। সব মিলে এখানকার পরিবেশ তার অনেকটা পরিচিত। এ ব্যাপারে রামদিন বলেন, "সেবারের চেয়ে এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সে সময় অনূর্ধ্ব-১৯ দলের হয়ে এসেছিলাম। এবার সাত বছর পর এসেছি সিনিয়র দলের হয়ে খেলতে।" তবে কিছু বিষয় বদলায়নি বলেই মনে হচ্ছে তার। বিশেষ করে, অতিথি পরায়নতার বিষয়টি। সে সময় বাংলাদেশের মানুষ যেভাবে তাদের স্বাগত জানিয়েছিল, এবারও তার ব্যতিক্রম হয়নি বলে তিনি মনে করেন। রামদিন বলেন, "এদেশের মানুষ আমাদের খেলতে দেখতে চায়।" আর বাংলাদেশের 'কন্ডিশন' সম্পর্কে বলেন, "উইকেট বেশ স্লো। ওয়েস্ট ইন্ডিজের মতো গতি ও বাউন্স নেই।" এমন পিচে সফরকারী পেসারদের বল করা কঠিন হবে বলে মনে করছেন রামদিন। এর কারণ হিসেবে তিনি গরমের কথা উল্লেখ করেন। রামদিন সবচেয়ে উপভোগ করেন টেস্ট খেলা। অনুপ্রেরণা খোঁজেন ব্রায়ান লারা ও জেফরি ডুজনের মধ্যে। ছেলে-বেলায় খেলা শুরু করেছিলেন পেসার হিসেবে। কিন্তু পরে এক সময় দাড়াতে হয় উইকেটের পেছনে। সাংবাদিকদের সে গল্পও বলেন তিনি। কেমার রোচ, রবি রামপল, ফিদেল এডোয়ার্ডস, দেবেন্দ্র বিশুর বিপক্ষে টেস্টে উইকেটরক্ষকের দায়িত্ব পালন খুব কঠিন হবে বলে তিনি মনে করছেন না। তিনি বলেন, "এরা প্রত্যেকেই উঁচু মানের ক্রিকেটার। তাদের সঙ্গে আগেও খেলেছি। আশা করি কোনো সমস্যা হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/১৬০৮ ঘ.