২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'স্পট ফিক্সিং' মামলা: বছরে ৫০ বিলিয়ন ডলারের কারবার

'স্পট ফিক্সিং নিয়ে পাকিস্তানি ক্রিকেটার সালমান বাট ও মোহাম্মদ আসিফের বিরুদ্ধে দায়ের করা মামলার যুক্তিতর্ক লন্ডনের একটি আদালতে বুধবার বিকেলে শুরু হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাপক দুর্নীতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে এই মামলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2011, 07:00 AM

Updated : 24 Aug 2022, 04:29 PM

ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং নিয়ে পাকিস্তানি ক্রিকেটার সালমান বাট ও মোহাম্মদ আসিফের বিরুদ্ধে দায়ের করা মামলার যুক্তিতর্ক লন্ডনের একটি আদালতে বুধবার বিকেলে শুরু হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাপক দুর্নীতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে এই মামলায়। যুক্তিতর্কের শুরুতে বাদী পক্ষের উকিল অভিযোগ করেন, অবৈধ বাজির কারবারীরা শুধুমাত্র উপমহাদেশে বছরে ৪০ থেকে ৫০ বিলিয়ন ডলারের কারবার করে থাকে। সাবেক অধিনায়ক বাট, পেসার আসিফ ও মোহাম্মদ আমেরের বিরুদ্ধে অবৈধভাবে অর্থ নেয়ার পাশাপাশি প্রতারণার ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে। অপর অভিযুক্ত খেলোয়াড়দের এজেন্ট মাজহার মাজিদের বিরুদ্ধেও আনা হয়েছে একই অভিযোগ। তবে বাট ও আসিফের সঙ্গে অপর দু'জনের বিচার করা হচ্ছে না। এরই মধ্যে দোষী সাব্যস্ত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ট্রাইবুন্যাল পাঁচ বছরের মুলতবী নিষেধাজ্ঞাসহ সালমানকে দশ বছর, দু'বছরের মুলতবী নিষেধাজ্ঞাসহ আসিফকে সাত বছর ও আমেরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। এই রায়ের বিরুদ্ধে সুইজারল্যান্ডের ক্রীড়া বিষয়ক একটি আদালতে আপিল করেছেন তিন খেলোয়াড়ই। সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে বাদী পক্ষের উকিল আফতাব জাফরজি বলেন, এই মামলার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাপক দুর্নীতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। আর এর মূল চরিত্রে রয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা। মামলার সঙ্গে চারজনই জড়িত রয়েছেন বলে উলে¬খ করে তিনি বলেন, অধিনায়ক বাট ও তার এজেন্ট মাজিদের প্ররোচনায় দুই বোলার তিনটি নো বল করেন। "তাদের কর্মকাণ্ড নিজেদের দল, ক্রিকেট বোর্ড এবং সবচেয়ে বড় কথা-ক্রিকেটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ছাড়া আর কিছুই নয়." বলেন তিনি, "আর এর সবই করেছেন তারা লোভে পড়ে।" জাফরজি বলেন, অবৈধ বাজির কারবারীদের প্রভাব-প্রতিপত্তির কথাও বেরিয়ে এসেছে এই মামলার মধ্য দিয়ে। বছরে তারা এত বিশাল অঙ্কের অর্থের কারবার করে থাকে যে ক্রিকেটের প্রতিই তা হুমকি হয়ে দাঁড়িয়েছে। বছরে শুধু মাত্র উপমহাদেশে তারা ৪০ থেকে ৫০ বিলিয়ন ডলারের কারবার করে থাকে বলে উলে¬খ করে তিনি বলেন, বাজির এই কারবারগুলো মূলত ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও দূর-প্রাচ্য ভিত্তিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৫৫ ঘ.