২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্নারের শতকে শেষ চারে নিউ সাউথ ওয়েলস

বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে বিদায় করে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। দলটি জিতেছে ৪৬ রানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2011, 05:08 AM

Updated : 24 Aug 2022, 04:28 PM

ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে বিদায় করে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। দলটি জিতেছে ৪৬ রানে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ডেভিড ওয়ার্নারের অপরাজিত শতকে নিউ সাউথ ওয়েলস রান করে ২০১। রান তাড়া করতে গিয়ে ১৮ ওভার ৫ বলে ১৫৫ রানে গুটিয়ে যায় চেন্নাই। আক্ষরিক অর্থেই খেলার গল্পটার পুরোটা জুড়ে রয়েছেন ওয়ার্নার। যে উইকেটে ১৩৫ রানকে শুধু লড়াইয়ের নয়, জয়ের স্কোর বলে মনে করেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ, সেই উইকেটে ওয়ার্নার একাই ৬৯ বলে করেন ১৩৫। প্রতিযোগিতার ইতিহাসে এটি ব্যক্তিগত সর্বোচ্চ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে ওয়ার্নারের দ্বিতীয় শতক। এছাড়া ধীর গতির পাশাপাশি বল নিচু হয়ে যায় বলে এই উইকেটে রান তোলা কঠিন-একথা বিবেচনায় নিলে ছোট্ট পরিসরের ক্রিকেটে শতকটিকে সেরাগুলোর একটি বলতেই হবে। ওয়ার্নার তার ইনিংসটি সাজান ১১টি চার ও ৮টি ছক্কা দিয়ে। এর মধ্যে একবার বল পাঠিয়ে দেন তিনি স্টেডিয়ামের বাইরে। শেষ পর্যন্ত মইসেস হেনরিক ৯ রানে অপরাজিত থাকেন। এর আগে ৫৪ রানের মাথায় বিদায় নেয়ার আগে উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন করেন ২১। এছাড়া ৩১ রান করেন স্টিভেন স্মিথ। তখন দলের রান ছিল ১৫৫। চেন্নাইয়ের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন নুয়ান কুলাসেকারা ও রবীচন্দ্রন অশ্বিন। এ জন্য কুলাসেকারার খরচ হয় ২৩ রান। অশ্বিন দেন ৩২। সেমিফাইনালে যাওয়ার জন্য শুধু জিতলেই হতো না, চেন্নাইকে খেলা শেষ করে দিতে হতো ১৭ ওভারের মধ্যে। এ জন্য মেরে খেলার কোনো বিকল্প ছিল না। কিন্তু উদ্বোধনী ব্যাটসম্যান মাইক হাসি ও সুরেশ রায়না ছাড়া সেভাবে খেলতে পারেননি কেউ। হাসি ও রায়না, দু'জনে মিলে করেন ৪১ বলে ৬৫। কিন্তু তাদের সাজঘরে ফিরে যাওয়ার পর চেন্নাইয়ের ব্যাটসম্যানরা মেতে ওঠেন আসা-যাওয়ার খেলায়। দলীয় ৫৫ রানের মাথায় হাসি ২৭ বলে ৩৭ রান করে বিদায় নেন। সীমানার ওপারে বল পাঠান তিনি সাতবার। আর ৮৮ রানের মাথায় তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরের পথ ধরার আগে রায়না করেন ২৮। তার ১৪ বলের ইনিংসে চার রয়েছে ৫টি ও ছক্কা একটি। নিউ সাউথ ওয়েলসের পক্ষে স্টিভ ও'কিফ তিন উইকেট নেন ২৮ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১০৪৫ ঘ.