ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের দুই ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে উমর গুলের করা 'বল ট্যাম্পারিং'-এর অভিযোগ উড়িয়ে দিয়েছেন অ্যালিস্টার কুক।
সেই সঙ্গে ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক কুক বলেছেন, গুলের কোনো অভিযোগ থাকলে তিনি তা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানাতে পারেন।
একটি ওয়েবসাইটকে দেয়া সাক্ষাতকারে গুল দাবি করেন, গত বছর পাকিস্তানের ইংল্যান্ড সফরের সময় তিনি অ্যান্ডারসনকে 'বল ট্যাম্পারিং' করতে দেখেছিলেন। সর্বশেষ অ্যাশেজে ব্রডও একই কাজ করেছিলেন বলে মন্তব্য করেন গুল।
যদিও পরে গুল এক বিবৃতিতে বলেন, তার বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে। তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে কোনো বোলারই বল ট্যাম্পারিংয়ের অভিযোগে অভিযুক্ত হতে পারেন।
তবে গুলের সমালোচনা করে কুক বলেন, "আমার মনে হয় তিনি (গুল) সামান্য ব্যাপার নিয়ে একটু বেশিই হৈ-চৈ করছেন।"
পাকিস্তানের পেসারের সমালোচনার পাশাপাশি ভারত সফরের রণকৌশল সাজাতেও কুক এখন ব্যস্ত।
পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ভারতে আসছে ইংল্যান্ড দল।
ভারতে রওনা হওয়ার আগে লন্ডনের হিথ্রো বিমান বন্দরে তিনি বলেন, "আমার বিশ্বাস আমরা ভারতকে হারাতে পারবো। যদিও এটা খুবই কঠিন কাজ। জিততে হলে দলের প্রত্যেককেই খুব ভালো খেলতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৭৫০ঘ.
bdnews24