ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শোয়েব আক্তারের আত্মজীবনীকে 'বাজে কথার বোঝা' বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক প্রধান নির্বাহী রাফি নাসিম।
শোয়েব তার বইয়ে নিজেকে একজন মহান ক্রিকেটার হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। সেই সঙ্গে অনেক বিতর্কিত মন্তব্য করেও ক্রিকেট-বিশ্বে হৈ-চৈ ফেলে দেন তিনি।
পাকিস্তানের 'দ্য ডেইলি টাইমস' পত্রিকায় নাসিম লেখেন, "আত্মজীবনী 'কন্ট্রোভার্শিয়াল ইয়োর্স' এর আদলে শোয়েব আসলে একটি 'বোমা' ফাটিয়েছেন। যা ক্রিকেট বিশ্বকে বড় ধরনের ধাক্কা দিয়েছে।"
তিনি বলেন, "আমার জানা মতে শোয়েব পাকিস্তানের সবচেয়ে উচ্ছৃঙ্খল খেলোয়াড়দের মধ্যে একজন । তিনি হয়তো ভেবেছিলেন বইটি খুবই প্রশংসিত হবে এবং সবাই তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবে। কিন্তু তাকে হতাশ করে পুরো বিপরীত ঘটনাই ঘটেছে।"
নাসিম মনে করেন ৪৬ টেস্টে ১৭৮ উইকেট এবং ১৬৩ একদিনের ম্যাচে ২৪৭ উইকেট নেয়া শোয়েব অনেক বড় মাপের ক্রিকেটার হতে পারতেন। কিন্তু বেশ কয়েক জন তারকা ক্রিকেটারকে অসম্মান এবং পাকিস্তান ক্রিকেটের সমালোচনা করে তিনি নিজেকেই ছোট করেছেন।
শোয়েব তার বইয়ে 'বল ট্যাম্পারিং'-এর কথা স্বীকার করা ছাড়াও পাকিস্তানের এক ক্রিকেটারের একটি গোপন কথা প্রকাশ করেছেন। ওই ক্রিকেটার বলকে একটু বেশিই 'রিভার্স সুইং' করানোর আশায় সাঝঘরে এক আম্পায়ারের কোটের পকেটে রাখা বল পরিবর্তন করে দিয়েছিলেন।
নাসিম মনে করেন, শোয়েবের মতো বিশ্বজুড়ে পরিচিত একজন ক্রিকেটারের সতীর্থের বিরুদ্ধে এই ধরণের অভিযোগ তোলা একদমই উচিত হয়নি।
একই সঙ্গে ওয়াসিম আকরামের বিরুদ্ধে তোলা শোয়েবের অভিযোগও উড়িয়ে দেন নাসিম। শোয়েবের অভিযোগ আকরাম তার ক্যারিয়ার শেষ করে দেয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু নাসিম বলেন, "শোয়েব যখন আন্তর্জাতিক ক্রিকেটে আসেন তখনই আকরাম পেস বোলার হিসেবে বিশ্ব বিখ্যাত।"
বরং শোয়েব তার বোকামি ও ব্যক্তিগত রেষারেষিতে নিজেই নিজের ক্যারিয়ার শেষ করে দিয়েছেন বলে মনে করেন তিনি।
সব মিলিয়ে নাসিমের ধারণা শোয়েবের বইতে একজন খেলোয়াড়ের বিতর্কিত চরিত্রই পরিষ্কারভাবে ফুটে উঠেছে। বিচক্ষণতা, অভিজ্ঞতা, পরিকল্পনা, পাকিস্তান ও পিসিবির প্রতি শ্রদ্ধা এবং ক্রিকেট ও সতীর্থদের প্রতি ভালোবাসার কতটা অভাব ছিলো তা-ও শোয়েবের আত্মজীবনীতে ফুটে উঠেছে বলে মনে করেন পিসিবির সাবেক প্রধান নির্বাহী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০০৬ঘ.
bdnews24